হাইকোর্ট এবং সুপ্রিম কোর্ট সাময়িক স্বস্তি দিয়েছে। কিন্তু তাতেও অস্বস্তি কাটছে না অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়ের। শুক্রবার রাতে ফের সুমিত রায়কে নোটিশ দিল সিআইডি। আজ(শনিবার) তাঁকে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

শুক্রবার রাতে সুমিতের ক্যানল রোডের বাড়িতে এসে নোটিশ দেয় সিআইডির একটি দল।গোয়েন্দা বিভাগের সদস্যরা তাঁর বাড়িতে সমন দেন। শুক্রবার রাতে  সিআইডি-র একটি টিম ও বেহালা থানার পুলিশ সুমিতের নিউ আলিপুরের বাড়িতে পৌঁছে যায়। বাড়ির সামনে বেশ কিছুক্ষণ অপেক্ষা করতে হয় তদন্দকারী আধিকারিকদের। 

 ফটোগ্রাফারকে সঙ্গে করে তারপর সিআইডি টিম ও বেহালা থানার পুলিশ বাড়ির ভিতরে প্রবেশ করে । ১০ মিনিট থাকার পর সিআইডি টিম ও বেহালা থানার পুলিশ বেরিয়ে যায়। জানা যায় আজ শনিবারই ভবানী ভবনে ডাকা হয়েছে সুমিত রায়কে।শালবনির জমি ও চাকরি দুর্নীতি কাণ্ডে নাম জড়িয়েছে সুমিতের। তাঁকে একাধিকবার নোটিশ পাঠানো হল তিনি হাজিরা দেননি। তাঁর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। কিন্তু হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টের পক্ষ থেকে রক্ষাকবচ দেওয়া হয়েছে। তাঁর খোঁজে তল্লাসি চালাচ্ছে পুলিশ। পালাবদলের পর থেকেই খোঁজ নেই সুমিতের।

 

কিন্তু  নতুন দুই মামলায় গ্রেফতার করতে পারে পুলিশ। এই আশঙ্কা থেকে ফের কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হয়েছেন সুমিত রায়। শুক্রবার তাঁর আইনজীবী বিচারপতি সৌগত ভট্টাচার্যের এজলাসে দ্রুত শুনানির আর্জি জানান। বিচারপতি ভট্টাচার্য অবশ্য সেই আর্জি খারিজ করে জানিয়ে দেন, দ্রুত শুনানি সম্ভব নয়।