কসবা থেকে ডিউটি সেরে বাইকে বাড়ি ফেরার পথে সল্টলেকে ভয়াবহ পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন এক সিআইএসএফ জওয়ান। মৃতের নাম অরূপ পাত্র (৪৫)। তিনি বাঁকুড়ার বাসিন্দা হলেও কর্মসূত্রে কলকাতায় থাকতেন। শনিবার দুর্ঘটনাটি ঘটেছে সল্টলেকের সুকান্ত নগর লোহাপুলের কাছে।

পুলিশ সূত্রে খবর, শনিবার ডিউটি শেষ করে বাইক নিয়ে বাড়ি ফিরছিলেন ওই জওয়ান। সেই সময়ে সুকান্ত নগর লোহাপুলের কাছে একটি বেসরকারি বাসের সঙ্গে তাঁর বাইকের ধাক্কা লাগে। ধাক্কার তীব্রতায় তিনি বাইকসহ রাস্তায় ছিটকে পড়েন এবং মারাত্মকভাবে জখম হন। ঘটনার পরেই বাসের কন্ডাক্টর তাঁকে উদ্ধার করে দ্রুত স্থানীয় হাসপাতালে নিয়ে যান। তবে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

বাসের কন্ডাক্টরের দাবি, বাইক আরোহী আচমকা নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা মারেন এবং বাসের দিকে ছিটকে আসেন। তবে বাসের চাকা তাঁর শরীরের উপর দিয়ে যায়নি বলেই দাবি করেছেন কন্ডাক্টর। দুর্ঘটনার পরেই বাসটি থামিয়ে দেওয়া হয় এবং পুলিশে খবর পাঠানো হয়।

ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় বিধাননগর দক্ষিণ থানার পুলিশ। পুলিশ দুর্ঘটনাগ্রস্ত বাসটিকে বাজেয়াপ্ত করেছে এবং জওয়ানের দুমড়ে-মুচড়ে যাওয়া বাইকটি উদ্ধার করেছে। প্রাথমিক অনুসন্ধানের পর পুলিশ ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে এবং মৃত জওয়ানের পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা চালাচ্ছে।