যাদবপুর বিশ্ববিদ্যালয়ের এসএফআই এবং এবিভিপি ছাত্র সংঘর্ষের জেরে অশান্তি, প্রতিবাদ মিছিল ঘিরে কয়েকদিন ধরে উত্তপ্ত হয় পরিস্থিতি। এই ইস্যু নিয়ে এবার মুখ খুললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
ভবানীপুরের অনুষ্ঠান থেকে মুখ্যমন্ত্রী বলেন, "যাদবপুর বিশ্ববিদ্যালয় বন্দে মাতরম গাইতে দেয় না। জাতীয় পতাকা ওড়ে না এখানে। শিক্ষাদফতরকে ঢুকতে দেয়নি, সিসিটিভি লাগাতে দেয় না। কিন্তু আমরা যাদবপুরের ভিতরে ও বাইরে জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করবই। যাদবপুর নিয়ে অনেকেই দেখেছি সোশ্যাল মিডিয়ায় কাঁদছেন। তাঁরা শুনুন, এরাজ্যে থাকতে গেলে বন্দে মাতরম গাইতে হবে। যাদবপুরে জিহাদি-টুকরে টুকরে গ্যাংয়ের বাস। দেশপ্রেম, জাতীয়তাবাদ, রাষ্ট্রবাদের সঙ্গে কোনও আপস নয়।"
মঙ্গলবার রাতে এবিভিপি ও এসএফআই ছাত্র সংগঠনের মধ্যে অশান্তি, প্রতিবাদ মিছিল ঘিরে উত্তপ্ত হয় যাদবপুর বিশ্ববিদ্যালয়। দেশের এই নামী শিক্ষা প্রতিষ্ঠানের প্রবেশদ্বারে বিশিষ্ট শিল্পী নন্দলাল বসুর আঁকা এমব্লেম ক্ষতিগ্রস্ত হয়।
















