রাজ্যের অভ্যন্তরীণ নিরাপত্তা ব্যবস্থা আরও মজবুত করতে ন্যাশনাল সিকিউরিটি গার্ড (এনএসজি)-র শীর্ষ কর্তাদের সঙ্গে বৈঠক করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শুক্রবার নবান্নে তাঁর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন এনএসজি-র ডিরেক্টর জেনারেল ভৃগু শ্রীনিবাসন, আইজি (ট্রেনিং অ্যাকাডেমি) মেজর জেনারেল বিকাশ চৌধুরী এবং গ্রুপ কমান্ডার (ট্রেনিং) কর্নেল পি. ভি. শুক্লা।
নবান্ন সূত্রের খবর, প্রায় আধ ঘণ্টারও বেশি সময় ধরে বৈঠক চলে। রাজ্যের নিরাপত্তা পরিস্থিতি, গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলির সুরক্ষা, সন্ত্রাস দমন সংক্রান্ত প্রস্তুতি এবং বিভিন্ন নিরাপত্তা বিষয় নিয়ে আলোচনা হয়েছে বলে প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে।
এই বৈঠক তাৎপর্যপূর্ণ বলে মনে করছে প্রশাসনিক মহল। সম্প্রতি মুখ্যমন্ত্রীকে নিশানা করার অভিযোগে তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ। সেই ঘটনার পরিপ্রেক্ষিতেই রাজ্যের নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা এবং বিভিন্ন নিরাপত্তা সংস্থার মধ্যে সমন্বয় বাড়ানোর বিষয়টি গুরুত্ব পেয়েছে বলে সূত্রের খবর।
যদিও বৈঠক শেষে সরকার বা এনএসজি-র তরফে আনুষ্ঠানিকভাবে আলোচনার বিস্তারিত জানানো হয়নি, তবে প্রশাসনিক মহলের মতে, রাজ্যের অভ্যন্তরীণ নিরাপত্তা সংক্রান্ত বিষয়েই মূলত মতবিনিময় হয়েছে।
















