ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) জন্মদিনের প্রাক্কালে সমাজ মাধ্যমে ভিডিও বার্তা পোস্ট করলেন বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (CM Suvendu Adhikari)। মোদির দীর্ঘ ২৫ বছর সময়কালের জনসেবা এবং দেশ সেবার গৌরবময় যাত্রার কথা মাথায় রেখে সেবা সংকল্প অভিযান শুরুর কথাও জানিয়েছেন ডাবল ইঞ্জিন বাংলার প্রথম বিজেপি মুখ্যমন্ত্রী। 

প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে আশীর্বাদ প্রদীপ প্রজ্বলন করে তাঁর দীর্ঘায়ু কামনা করার বার্তা দিয়েছেন শুভেন্দু। তিনি লেখেন, 'আগামিকাল ১৭ই সেপ্টেম্বর ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রীর শুভ জন্মদিন।মোদি জি গুজরাটের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করা থেকে ভারতবর্ষের প্রধানমন্ত্রী হিসেবে তাঁর দীর্ঘ ২৫ বছরের সময়কালের জনসেবা ও দেশসেবার গৌরবময় যাত্রা, আগামী ৭ই অক্টোবর পূর্ণ হতে চলেছে। এই ঐতিহাসিক মুহূর্তকে স্মরণীয় করে রাখতে শুরু হতে চলেছে “সেবা সংকল্প অভিযান”। প্রধানমন্ত্রীর শুভ জন্মদিন উপলক্ষে সর্বত্র 'আশীর্বাদের প্রদীপ' প্রজ্বলন করে সর্বশক্তিমান ঈশ্বরের কাছে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী জির সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু প্রার্থনা করে মোদী জি যাতে নিজেকে দেশসেবায় আরও বহু বছর নিয়োজিত রাখতে পারেন এই প্রার্থনা করা হবে।'

রাজ্য সরকারের তরফে জানানো হয়েছে বৃহস্পতিবার সন্ধ্যায় সমস্ত অঙ্গানওয়ারি কেন্দ্র আলোকিত করা হবে। সকল কর্মীদের উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। জেলা স্তর থেকে নজরদারি চলবে। সরকারি পরিষেবা ও জনকল্যাণমূলক প্রকল্প সম্পর্কে সচেতনতা বাড়াতে সেবা সংকল্প অভিযান চলবে আগামী ১০ অক্টোবর পর্যন্ত।।