দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরের (Baruipur) অন্তর্গত সূর্যপুর হাটে নাবালিকা ধর্ষণ খুনের ঘটনার পর নির্যাতিতার পরিবার দোষীদের শাস্তির পাশাপাশি একটি পুলিশ ফাঁড়ি তৈরির দাবি জানিয়েছিলেন। দ্রুত পদক্ষেপের আশ্বাস দেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (CM Suvendu Adhikari)। প্রশাসনের তত্তরতায় মাত্র চার দিনের মধ্যেই তৈরি আউট পোস্ট। শনিবার পুলিশ ফাঁড়ির উদ্বোধন করবেন রাজ্যের প্রশাসনিক প্রধান। এদিন সকাল ১১ টা নাগাদ বারুইপুরে পৌঁছবেন মুখ্যমন্ত্রী। রয়েছে একগুচ্ছ কর্মসূচি।
নাবালিকা ধর্ষণের ঘটনার পর গণপিটুনিতে মৃত ইন্দ্রজিৎ মণ্ডলের (Indrajit Mondal) পরিবারের সঙ্গে আজ সাক্ষাৎ করবেন মুখ্যমন্ত্রী। সরকারের তরফে মৃতের বাড়ি মেরামত করা হয়েছে। তাঁদের নিরাপত্তার জন্য পুলিশ মোতায়েন হয়েছে বাড়ির সামনে, বসানো হয়েছে সিসিটিভি। শুক্রবার সকালে সেখানে পরিদর্শনে যান আইজি প্রেসিডেন্সি রেঞ্জ কঙ্করপ্রসাদ বারুই। শনিবার নির্যাতিতার পরিবারের সঙ্গেও দেখা করবেন শুভেন্দু। এদিন দুপুরেই নতুন পুলিশ ফাঁড়ির উদ্বোধন করার কথা রয়েছে মুখ্যমন্ত্রীর।
















