একদিনের বিশেষ সফরে আজ উত্তরবঙ্গ যাচ্ছেন বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (CM Suvendu Adhikari)। হিমবাহ ধস ও ভয়াবহ হড়পা বানে (Flash Flood) বিধ্বস্ত নেপালের বিপর্যয়ের পর এবার রাজ্যের উত্তর ভাগ ঘিরেও আশঙ্কার কালো মেঘ। চিন্তা বাড়ছে তিস্তা নিয়েও। এই অবস্থায় পাহাড়ের পরিস্থিতি খতিয়ে দেখতে মঙ্গলবার উত্তরকন্যায় একটি প্রশাসনিক বৈঠক করার কথা রয়েছে শুভেন্দুর। সেখানেই পাহাড়ের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে বিস্তারিত আলোচনার সম্ভাবনা।
নবান্ন সূত্রে পাওয়া খবর অনুযায়ী, এদিন বাগডোগরা বিমানবন্দর পৌঁছে সোজা কালিম্পং যাবেন মুখ্যমন্ত্রী সেখানে পাহাড়ের উন্নয়ন ও দুর্যোগ পরিস্থিতি নিয়ে প্রশাসনিক বৈঠক করবেন। এরপর শিলিগুড়ি ফিরে উত্তরকন্যায় আধিকারিকদের সঙ্গে একটি উচ্চপর্যায়ের বৈঠক করার কথা রয়েছে তাঁর।প্রতিবেশী রাষ্ট্র নেপালের (Nepal) ভোতেকোশি নদীর জলরোষে নিশ্চিহ্ন হয়ে গেছে ঘরবাড়ি, কাদামাটির ধ্বংসস্তূপ থেকে উদ্ধার হচ্ছে একের পর এক মৃতদেহ। এরই মাঝে সিঁদুরে মেঘ দেখছে উত্তরবঙ্গ। হিমবাহ গলা জল যেকোনও মুহূর্তে রাজ্যের উত্তরভাগকে ভাসিয়ে নিয়ে যেতে পারে! ঠিক সেই কারণেই উদ্বেগ বাড়ছে রাজ্য সরকারের (Govt of West Bengal)। আগাম সতর্কতামূলক ব্যবস্থা নিতে উদ্যোগী মুখ্যমন্ত্রী (CM) উত্তরবঙ্গ উন্নয়ন দফতরের সঙ্গে এই নিয়ে কথা বলতে চান।
মুখ্যমন্ত্রী আগেই জানিয়েছিলেন তিনি উত্তরবঙ্গ সফরে যাবেন কাজের প্রয়োজনে, ঘুরে বেড়ানোর জন্য নয়। ইতিমধ্যে একাধিকবার পাহাড়ে গিয়ে নানা ধরনের প্রশাসনিক বৈঠকে রাজ্য সরকারের গুরুত্বপূর্ণ পদক্ষেপের কথা ঘোষণা করেছেন তিনি। কিন্তু বর্তমান পরিস্থিতির সম্পূর্ণ আলাদা। প্রাকৃতিক বিপর্যয়ের হাত থেকে উত্তরবঙ্গকে বাঁচাতে রাজ্য সরকারের তরফ থেকে কোন কোন বিশেষ পরিকল্পনা নেওয়া হয় এখন সেটাই দেখার। মুখ্যমন্ত্রীর সফরকে কেন্দ্র করে আঁটোসাঁটো নিরাপত্তা পাহাড়ে।
















