গুরুপূর্ণিমা উপলক্ষে বুধবার সকাল থেকে বেলুড়মঠে (Belur Math) ভক্তদের ভিড় চোখে পড়ার মতো। সকাল ১১টা নাগাদ রামকৃষ্ণ মঠ মিশন প্রাঙ্গণে পৌঁছে যান রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (CM Suvendu Adhikari)। শ্রীরামকৃষ্ণ মন্দিরে পুজো দেওয়ার পর সাষ্টাঙ্গে প্রণাম করেন তিনি। ঘুরে দেখেন শ্রী শ্রী মায়ের মন্দির, ব্রহ্মানন্দ মন্দিরসহ মঠ চত্বর। বেলুড় মঠের প্রেসিডেন্ট মহারাজ স্বামী গৌতমানন্দের সঙ্গে সাক্ষাৎ করে তাঁকে প্রণাম নিবেদন করেন রাজ্যের প্রশাসনিক প্রধান। তাঁর হাতে তুলে দেন কালীঘাটের মাতৃমূর্তির স্মারক বিগ্রহ, গীতা, ফুল ও মিষ্টি। এরপর স্বামী সুবীরানন্দ মহারাজের সঙ্গে দেখা করে তাঁর শারীরিক অবস্থার খোঁজ খবরও নেন।

প্রতিবছর গুরুপূর্ণিমা (Guru Purnima) তিথিতে ঠাকুর দর্শন প্রণাম ও গুরু সাক্ষাতের জন্য শিষ্য-ভক্তদের সমাগম হয় রামকৃষ্ণ মঠ মিশন, বেলুড়ে (Ramakrishna Math Ramakrishna Mission)। এবারে সেখানে রাজ্যের প্রশাসনিক প্রধানকে দেখতে পেয়ে উচ্ছসিত অনেকেই। প্রেসিডেন্ট মহারাজের সঙ্গে নানা বিষয় নিয়ে আলোচনা করার পর মঠে কর্মরত সদস্যদের সঙ্গে ছবিও তুলতে দেখা যায় মুখ্যমন্ত্রীকে। শুভেন্দু জানান, গুরুপূর্ণিমা উপলক্ষে ঠাকুর- মাকে প্রণাম জানিয়ে মহারাজদের আশীর্বাদ নিতে এসেছেন। বেশ কিছুটা সময় সেখানে কাটিয়ে পরবর্তী কর্মসূচির জন্য রওনা দেন মুখ্যমন্ত্রী।