বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (CM Suvendu Adhikari) মঙ্গলবার একগুচ্ছ কর্মসূচি নিয়ে উত্তরবঙ্গে (North Bengal) রওনা দেবেন। নবান্ন (Nabanna) সূত্রে জানা গিয়েছে আলিপুরদুয়ারের সুভাষিণী চা বাগানের মাঠে রাজ্যের বন দফতর (Forest Department, Govt of West Bengal) আয়োজিত অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা রয়েছে রাজ্যের প্রশাসনিক প্রধানের। মুখ্যমন্ত্রীর সভা ঘিরে প্রশাসনিক তৎপরতা চোখে পড়ার মতো। এর পাশাপাশি আজ জলদাপাড়ার পিলখানায় থাকা দুই হস্তী শাবকের নামকরণও করবেন।
বাংলায় বিজেপি সরকার (BJP Government) ক্ষমতায় আসার পর উত্তরবঙ্গের প্রতি বিশেষ কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেছেন শুভেন্দু। পদ্ম দল বরাবরই উত্তরবঙ্গের মানুষের কাছ থেকে বিপুল ভোট পেয়েছে। তাই সেখানকার মানুষের বাংলার নতুন সরকারের কাছ থেকে প্রত্যাশাও অনেক বেশি। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, পাহাড়ের উন্নয়নের জন্য তিনি সব ধরনের পদক্ষেপ করতে তৈরি। শিল্প থেকে পর্যটন কোনও কিছুতেই যাতে উত্তরবঙ্গ পিছিয়ে না থাকে তার দিকে নজর দিচ্ছেন মুখ্যমন্ত্রী। দিন কয়েক আগেই তিনি উত্তরবঙ্গ সফর করেছিলেন আজ ফের যাবেন তিনি। জানা গিয়েছে এদিন হাসিমারার সুভাষিণী চা বাগানের মাঠে বিশ্ব গন্ডার দিবস উদযাপন করবে বন দফতর। ওই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী (CM)। এরপর জলদাপাড়ার কুনকি হাতিদের পরিবারে দুই খুদে সদস্যদের নামকরণ করবেন। বন দফতরের প্রদর্শনী দেখার কথাও রয়েছে রাজ্যের প্রশাসনিক প্রধানের।এদিন জলপাইগুড়ির নাগরাকাটায় মূর্তি নদীর উপর নবনির্মিত একটি সেতুও উদ্বোধন করার কথা তাঁর।
মুখ্যমন্ত্রীর সফর ও কর্মসূচি প্রসঙ্গে রাজ্যের বনমন্ত্রী মনোজ কুমার ওরাওঁ জানান, 'মঙ্গলবার দুপুরের পর অনুষ্ঠানে যোগ দেবেন মুখ্যমন্ত্রী। বন দফতরের কাছে থাকা মৃত বন্যপ্রাণীর দেহাংশ পুড়িয়ে নষ্ট করার অনুষ্ঠানেও থাকবেন তিনি। ১১ দিনের ব্যবধানে মুখ্যমন্ত্রী এই জেলায় দু’বার আসছেন এটা আমাদের কাছে আনন্দের। আগামী ২ অক্টোবর ফের বক্সাতে বাঘ ছাড়ার অনুষ্ঠানেও মুখ্যমন্ত্রী উপস্থিত থাকবেন।' মঙ্গলবার অনুষ্ঠান শেষে হাসিমারা সেনা ছাউনি থেকে ফের আকাশপথে কলকাতায় ফিরবেন শুভেন্দু, জানিয়েছেন নবান্ন।
















