জন্মের আগেই কী ভাবে মাধ্যমিক পাশ? নন্দীগ্রামের বিজেপি প্রার্থী হাসিরানি রথের (Hasirani Rath, the BJP candidate from Nandigram)নির্বাচনী হলফনামায় বয়স ও শিক্ষাগত যোগ্যতার তথ্য ঘিরে এমনই প্রশ্ন উঠল কলকাতা হাই কোর্টে (Calcutta High Court)। বুধবার বিচারপতি কৃষ্ণ রাওয়ের (Justice Krishna Rao) দৃষ্টি আকর্ষণ করে প্রদেশ কংগ্রেসের এক নেতা তথা আইনজীবী অভিযোগ করেন, হলফনামায় দেওয়া দু’টি তথ্য পরস্পরের সঙ্গে মেলানো যাচ্ছে না। এই অভিযোগের ভিত্তিতে হাসিরানির প্রার্থিপদ বাতিলের দাবিও জানানো হয়েছে।

মামলাটি নিয়ে দ্রুত শুনানি চেয়েছে কংগ্রেস। আদালতে আইনজীবী জানান, শুধু অভিযোগের ভিত্তিতে নয়, হলফনামায় থাকা তথ্য যাচাই করে প্রয়োজনীয় পদক্ষেপ করা দরকার। তাঁর দাবি, অসঙ্গতিগুলি সত্য প্রমাণিত হলে হাসিরানি রথের মনোনয়ন বহাল রাখার প্রশ্নই ওঠে না। বিষয়টি শুনে বিচারপতি কৃষ্ণ রাও মামলা দায়েরের অনুমতি দেন। বৃহস্পতিবারই শুনানি হতে পারে।

এদিকে, আদালতে যাওয়ার আগেই নির্বাচন কমিশনের কাছেও বিষয়টি পৌঁছে দিয়েছিল প্রদেশ কংগ্রেস। মঙ্গলবার কমিশনের কাছে নিরপেক্ষ তদন্তের দাবি জানানো হয়। প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকারের বক্তব্য ছিল, হলফনামা নিয়ে প্রশ্ন ওঠার পরেও কমিশনের তরফে কোনও পদক্ষেপ দেখা যায়নি। সেই অভিযোগ অবশ্য মানছে না বিজেপি। হাসিরানির বিরুদ্ধে কংগ্রেসের উদ্যোগকে ‘ব্যর্থ প্রচেষ্টা’ বলেই পাল্টা দাবি করেছে তারা।

গোটা বিতর্কের সূত্রপাত হলফনামার দু’টি আলাদা তথ্য নিয়ে। সেখানে হাসিরানির বয়স ৬০ বছরের বেশি দেখানো হয়েছে। সেই হিসেবে জন্মসাল ১৯৬৬-র আশপাশে হওয়ার কথা। অথচ মাধ্যমিক পাশের সাল দেওয়া হয়েছে ১৯৬৫। অর্থাৎ নথির হিসাব মেলালে মাধ্যমিক পাশের সময় তাঁর জন্মই হয়নি। এই প্রশ্ন তুলেই প্রার্থিপদ বাতিলের দাবি করেছে কংগ্রেস।