বেসরকারি ব্লাড ব্যাঙ্কগুলির বাইরে ক্যাম্প করে রক্ত সংগ্রহে নিষেধাজ্ঞা মামলায় এবার রাজ্যের কাছে রিপোর্ট তলব করল কলকাতা হাই কোর্ট। আগামী ১৪ অগাস্টের মধ্যে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন বিচারপতি কৃষ্ণ রাও। মামলার পরবর্তী শুনানি ১৯ অগাস্ট।

১ অগাস্ট থেকে বাইরে ক্যাম্প করে বেসরকারি সংস্থার রক্ত সংগ্রহে নিষেধাজ্ঞা জারি করেছিল রাজ্য। সেই নির্দেশিকাকে চ্যালেঞ্জ করে আদালতের দ্বারস্থ হয় বেসরকারি ব্লাড ব্যাঙ্কগুলি। মামলাকারীদের দাবি, তাঁরা সমস্ত নিয়ম ও বিধি মেনেই এতদিন রক্ত সংগ্রহ করে আসছেন। ফলে এই নিষেধাজ্ঞা কার্যত তাঁদের পরিষেবায় বাধা তৈরি করছে। মামলাকারীদের আরও দাবি, রাজ্যের এই নির্দেশিকা আইনসঙ্গত নয়। অন্যদিকে, রক্ত সংগ্রহের ক্ষেত্রে নিরাপত্তা ও নির্দিষ্ট নিয়ম মেনে চলার প্রয়োজনীয়তার কথা জানিয়েছে রাজ্য।

এই মামলায় বর্তমান পরিস্থিতি তদন্ত কোন পর্যায়ে রয়েছে, তা স্পষ্ট করতে রাজ্যের কাছ থেকে রিপোর্ট চাইল আদালত। ১৪ অগাস্টের মধ্যে সেই রিপোর্ট আদালতে জমা দিতে হবে। এরপর ১৯ অগাস্ট মামলাটির পরবর্তী শুনানিতে রাজ্যের বক্তব্য এবং রিপোর্ট খতিয়ে দেখে পরবর্তী নির্দেশ দিতে পারে আদালত।