যে কোনও শিক্ষা প্রতিষ্ঠান যেখানে মুক্তচিন্তা, মেধার বিকাশ ও প্রশ্ন করার আবহ তৈরি করে, সেখানেই বিজেপি এবং তাদের সহযোগী সংগঠনগুলি পরিকল্পিতভাবে আক্রমণ শানাচ্ছে বলে অভিযোগ করলেন সিপিআইএম নেতা কৌস্তভ চট্টোপাধ্যায়। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সাম্প্রতিক অস্থিরতার প্রেক্ষিতে বিজেপি সাংসদ শমীক ভট্টাচার্যের মন্তব্যের তীব্র সমালোচনা করে তিনি বলেন, জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয় (জেএনইউ) থেকে প্রেসিডেন্সি কিংবা যাদবপুর— সর্বত্রই একই ছকে ক্যাম্পাসের গণতান্ত্রিক পরিবেশ ধ্বংসের চেষ্টা চলছে।

কৌস্তভের অভিযোগ, শিক্ষাঙ্গনে যুক্তি ও প্রশ্ন করার সংস্কৃতিকে দমন করাই গেরুয়া শিবিরের মূল উদ্দেশ্য হয়ে দাঁড়িয়েছে। তাঁর দাবি, অল্পবয়সী পড়ুয়াদের একাংশকে বিভ্রান্ত করে এবং রাজনীতির সঙ্গে ধর্মীয় আবেগকে মিশিয়ে শিক্ষাঙ্গনের সুস্থ পরিবেশ নষ্ট করা হচ্ছে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ঘটনায় এবিভিপি-র ভূমিকা থেকে রাজ্য বিজেপি নেতৃত্বের দায় এড়িয়ে যাওয়ার প্রবণতাকেও তিনি কড়া ভাষায় কটাক্ষ করেন। এর পাশাপাশি কেন্দ্রের নীতির সমালোচনা করে সিপিআইএম নেতা বলেন, নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস, কর্মসংস্থানের সংকট এবং পেট্রোল, ডিজেল ও রান্নার গ্যাসের লাগাতার মূল্যবৃদ্ধির মতো জ্বলন্ত সমস্যাগুলি থেকে সাধারণ মানুষের নজর ঘোরাতেই ক্যাম্পাসে অশান্তি বাধানো হচ্ছে। সরকারের ব্যর্থতা নিয়ে প্রশ্ন তুললেই ভিন্নমত পোষণকারীদের ‘দেশবিরোধী’ তকমা দেওয়ার চেষ্টা চলছে বলেও তিনি দাবি করেন।