বিধানসভা ভোটে শূন্যের গেরো কাটিয়ে আগেই ঘুরে দাঁড়িয়েছিল মুর্শিদাবাদের ডোমকল। এ বার সেই জনপদেই সমবায় সমিতির নির্বাচনে বিপুল সাফল্য পেল সিপিএম। আটটি আসনের সব ক’টিতেই জয়লাভ করলেন বাম প্রার্থীরা। দলের বিধায়ক মোস্তাফিজুর রহমান রানার দাবি, এই ফলাফল আগামিদিনে গোটা রাজ্যের কাছেই স্পষ্ট বার্তা তুলে ধরবে।

রবিবার ডোমকলের বনিয়াখালি হরেরামপুর সমবায় সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়। মোট আটটি আসনে প্রতিদ্বন্দ্বিতা হয়েছিল। বিজেপি ময়দানে না নামলেও সিপিএমের সঙ্গে লড়াইয়ে প্রার্থী দিয়েছিল তৃণমূল ও কংগ্রেস। তবে শেষ পর্যন্ত ত্রিমুখী লড়াইয়ে বিরোধীদের কার্যত ধূলিসাৎ করে সব ক’টি আসনেই নিরঙ্কুশ জয় ছিনিয়ে নেয় বামেরা।

ফলাফল ঘোষণা হতেই উল্লাসে ফেটে পড়েন স্থানীয় সিপিএম নেতা-কর্মীরা। লাল ঝান্ডা হাতে এবং আবির উড়িয়ে শুরু হয় বিজয়োৎসব। ভোটগণনা পর্ব মিটতেই জয়ী প্রার্থীদের অভিনন্দন জানাতে কেন্দ্রে হাজির হন ডোমকলের বিধায়ক। তাঁকে ঘিরে কর্মী-সমর্থকদের উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো। পরে সেখান থেকে একটি বিশাল বিজয় মিছিল বার হয়ে নাজিরপুর বাজার পর্যন্ত যায়।

সিপিএম নেতৃত্বের বক্তব্য, এই একতরফা জয় ডোমকলে দলের সাংগঠনিক শক্তি ও মজবুত গণভিত্তিরই প্রমাণ। বিধায়ক মোস্তাফিজুর রহমান বলেন, ‘‘শান্তিশৃঙ্খলার সঙ্গেই গোটা ভোটপ্রক্রিয়া সম্পন্ন হয়েছে। তৃণমূল ও কংগ্রেস প্রতিদ্বন্দ্বিতা করলেও আমাদের প্রার্থীরাই জয়ী হয়েছেন।’’ তাঁর সংযোজন, ‘‘ভোটটা সমবায়ের হলেও ডোমকলের এই ফলাফলের মধ্যে স্পষ্ট একটি দিক্‌নির্দেশ রয়েছে। আগামিদিনে রাজ্যে এই বার্তাই যাবে যে, সাধারণ মানুষ বিকল্পের খোঁজ করছেন। পাশাপাশি কোনও দুর্ঘটনা বা অঘটন ছাড়াও শান্তিপূর্ণভাবে ভোট সম্ভব।’’