বুধের সকালে বীরভূমের (Birbhum) ব্যবসায়ী টুলু মণ্ডলের (Tulu Mondal) আত্মীয় মিনার মণ্ডলের (Minar Mondal) বাড়ি থেকে কয়েক কোটি নগদ উদ্ধার মহম্মদ বাজার থানার পুলিশের। ইতিমধ্যেই একাধিক টাকা গোনার মেশিন নিয়ে আসা হয়েছে। মঙ্গলের রাত থেকেই তল্লাশি অভিযানে থরে থরে সাজানো টাকার সন্ধান পাওয়া যায়। পুলিশের তরফ থেকে উদ্ধার হওয়া টাকার পরিমাণ সম্পর্কে কিছু জানানো না হলেও যেভাবে বড় বড় ট্রাঙ্ক নিয়ে আসা হয়েছে তার থেকে এটা স্পষ্ট যে পাথর খাদান দুর্নীতিতে অভিযুক্ত টুলুর আত্মীয়র বাড়ি থেকে প্রায় কয়েক কোটি নগদ মিলেছে। 

স্থানীয়রা জানাচ্ছেন মিনারের বাড়িতে পুলিশের একটি বড় দল মোতায়েন করা আছে। ইতিমধ্যেই পাঁচটি টাকা গোনার মেশিন আনা হয়েছে। উদ্ধার হওয়া নগদ চাকার উৎস খতিয়ে দেখছেন তদন্তকারীরা। জানা গিয়েছে, শুধু নগদই নয় অন্তত ১৫ কেজি সোনা মিলেছে যার বাজারমূল্য আনুমানিক ২২ কোটি টাকার কাছাকাছি। যাঁর বাড়ি থেকে নগদ উদ্ধার হয়েছে তিনি প্রাক্তন সরকারি বাস চালক ছিলেন। বীরভূমের দাপুটে ব্যবসায়ী টুলু মণ্ডলের আত্মীয় হওয়ায় পাথর খাদান দুর্নীতিতে তাঁর যোগ এড়িয়ে যাওয়া যাচ্ছে না। ব্যবসায়ী এই মুহূর্তে পলাতক, ভোট পরবর্তী হিংসার অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে।