৬ লক্ষ টাকা না দিলে প্রাণনাশের হুমকি। স্পিড পোস্টে আসা লাল কালিতে লেখা বেনামি চিঠিকে ঘিরে চাঞ্চল্য পুরুলিয়ার (Purulia) জয়পুরে। ঘটনার তদন্তে নেমে শেষ পর্যন্ত এক ব্যক্তিকে গ্রেফতার (Arrest) করল জয়পুর থানার পুলিশ ( Jaipur Police Station)। পুলিশের দাবি, অভিযোগকারীর পূর্বপরিচিত ওই ব্যক্তি পরিকল্পনা করেই টাকা হাতানোর চেষ্টা করেছিলেন। পুলিশ সূত্রে খবর, গত ১৫ সেপ্টেম্বর জয়পুর থানা এলাকার এক বাসিন্দার কাছে একটি হুমকি চিঠি পৌঁছয়। স্পিড পোস্টে পাঠানো ওই চিঠিতে ৬ লক্ষ টাকা দাবি করা হয়। নির্দিষ্ট সময়ের মধ্যে অযোধ্যা হিলটপের কাছে একটি নির্দিষ্ট জায়গায় টাকা পৌঁছে দেওয়ার নির্দেশও ছিল। টাকা না দিলে প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলে অভিযোগ।
আরও পড়ুন: কলেজ শিক্ষকই মাদক সরবরাহকারী! কেরলমে এমডিএমএ-কাণ্ডে গ্রেফতার ৪
চিঠি পাওয়ার পরই থানায় অভিযোগ দায়ের করেন ওই ব্যক্তি। তদন্তে নেমে চিঠি এবং খাম বাজেয়াপ্ত করে পুলিশ। খামের সূত্র ধরে জানা যায়, EW034874745IN নম্বরের সেটি ১ সেপ্টেম্বর সকাল ১০টা ২৯ মিনিটে পুরুলিয়া হেড পোস্ট অফিস থেকে বুক করা হয়েছিল। অভিযোগ পাওয়ার পরেই পোস্ট অফিসের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখেন তদন্তকারীরা। ফুটেজে এক ব্যক্তিকে শনাক্ত করা হয়। অভিযোগকারীকেও সেই ফুটেজ দেখানো হলে তিনি ওই ব্যক্তিকে চিনতে পারেন বলে পুলিশ সূত্রে দাবি। এর পরেই তদন্তের গতিপথ বদলে যায়।
গত ১৮ সেপ্টেম্বর শ্রীরামপুর গ্রামের বাসিন্দা ৫২ বছরের সুভাষ মাহাতোকে গ্রেফতার করে পুলিশ। প্রাথমিক তদন্তে পুলিশের দাবি, অভিযোগকারীর সঙ্গে আগে থেকেই পরিচয় ছিল সুভাষের। সেই পরিচিতির সুযোগ নিয়েই পরিকল্পিত ভাবে টাকা আদায়ের চেষ্টা করা হয়েছিল বলে মনে করছেন তদন্তকারীরা। ধৃতকে আদালতে পেশ করে পুলিশ হেফাজতের আবেদন করা হয়েছে। হুমকি চিঠি পাঠানোর নেপথ্যে আরও কেউ জড়িত কি না, কিংবা ঘটনার সঙ্গে সম্পর্কিত অন্য কোনও তথ্য রয়েছে কি না, তা খতিয়ে দেখছে জয়পুর থানার পুলিশ।
















