কোটি কোটি টাকার সম্পত্তির হিসাব নয়ছয়, তোলাবাজি এবং খুনের হুমকির অভিযোগে গ্রেফতার হলেন তৃণমূলের প্রাক্তন বিধায়ক অদিতি মুন্সীর স্বামী দেবরাজ চক্রবর্তী। বুধবার পুরুলিয়া থেকে বিধাননগর পুলিশ এবং রাজ্য এসটিএফ-এর যৌথ দল তাঁকে গ্রেফতার করে। এলাকায় অত্যন্ত প্রভাবশালী বলে পরিচিত দেবরাজ বিধাননগর পুরসভার কাউন্সিলর ছিলেন।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের আগে রাজারহাট-গোপালপুরের তৎকালীন বিধায়ক অদিতি এবং তাঁর স্বামী অন্তত ১০০ কোটি টাকার সম্পত্তি বেনামে ও আত্মীয়দের নামে হস্তান্তরিত করেছেন বলে অভিযোগ। তাঁদের বিরুদ্ধে আয়ের সঙ্গে সঙ্গতিবিহীন সম্পত্তি রাখা, তথ্য গোপন এবং অর্থপাচারের মতো গুরুতর অভিযোগের তদন্ত শুরু করেছে পুলিশ। এমনকি নির্বাচনী হলফনামায় সম্পত্তি কম করে দেখানোর অভিযোগও রয়েছে প্রাক্তন বিধায়কের বিরুদ্ধে।
এর পাশাপাশি কেষ্টপুরের এক প্রোমোটার অভিজিৎ সাহা বাগুইআটি থানায় দেবরাজের বিরুদ্ধে তোলাবাজি ও হুমকির সুনির্দিষ্ট অভিযোগ দায়ের করেন। তাঁর অভিযোগ, কেষ্টপুরের ২৪ নম্বর ওয়ার্ডে একটি নির্মাণকাজের সময় দেবরাজের নেতৃত্বে কিছু লোক এসে বাধা দেয় এবং মোটা টাকা দাবি করে। প্রাণনাশের হুমকির মুখে পড়ে ওই প্রোমোটার দেবরাজকে ৩০ লক্ষ টাকা এবং তাঁর এক সহযোগীকে ৫ লক্ষ টাকা দিতে বাধ্য হন। কিন্তু তার পরেও আরও টাকা চেয়ে কাজ বন্ধ করে দেওয়া হয়। ওই অভিযোগের ভিত্তিতেই পুলিশ ভারতীয় ন্যায় সংহিতার ধারায় মামলা রুজু করে অভিযান চালায়।
এর আগে গ্রেফতারি এড়াতে দেবরাজ ও অদিতি কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হয়েছিলেন। আদালত তাঁদের তদন্তে সহযোগিতা করার নির্দেশ দিয়েছিল। তবে চার মাসের শিশুসন্তানের কথা বিবেচনা করে প্রাক্তন বিধায়ক অদিতি মুন্সীকে আদালত রক্ষাকবচ ও আগাম জামিন দিলেও, দেবরাজের আবেদন খারিজ করে দেওয়া হয়। আদালত থেকে আইনি রক্ষাকবচ হাতছাড়া হতেই পুলিশ সক্রিয় হয়ে ওঠে এবং গোপন সূত্রে খবর পেয়ে পুরুলিয়া থেকে দেবরাজকে জালে তোলে।
















