দুর্নীতি রুখতে বদ্ধ পরিকর বর্তমান রাজ্য সরকার। কাটমানি থেকে সিন্ডিকেট রাজ, বেআইনি মদের কারবার রুখতে অভিনব উদ্যোগ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari)। সরসরি অভিযোগ জানাতে ভুক্তভোগীদের জন্য চালু হল আলাদা আলাদা টোল-ফ্রি (Toll Free) হেল্পলাইন (Helpline Number)। মঙ্গলবার, ভবানীভবনে এই পরিষেবার উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। নম্বর জানানোর পাশাপাশি, এই ব্যবস্থার অপব্যবহার রুখতেও সতর্ক করেন রাজ্যের প্রশাসনিক প্রধান।
একনজরে অভিযোগ জানানোর নম্বরগুলি
কাটমানি: ১৫৫৩৩৪
সিন্ডিকেট ক্রাইম: ১৫৫৩৩৫
বেআইনি রোড ট্যাক্স/টোল আদায়: ১৫৫৩৩৭
বেআইনি মদ সংক্রান্ত অভিযোগ: ১৫৫৩৩৯
কাটমানি, সিন্ডিকেট রাজ থেকে শুরু করে বেআইনি টোল আদায় বা বেআইনি মদ সংক্রান্ত অভিযোগ এবার সরাসরি জানাতে পারবেন রাজ্যবাসী। এদিন থেকে সেই ব্যবস্থা চালু করলেন মুখ্যমন্ত্রী। আলাদা আলাদা টোল-ফ্রি নম্বর ঘোষণা করে রাজ্যর মুখ্যমন্ত্রী তথা পুলিশমন্ত্রী জানান সরাসরি এই নম্বরে অভিযোগ জানানো যাবে। দুর্নীতি ইস্যুতে এই সরকারকে যে জিরো টলারেন্স নীতি নিয়েছে সেই বার্তাই দেন শুভেন্দু।
এই নম্বরগুলিতে সম্পূর্ণ বিনামূল্যে বাংলার যে কোনও প্রান্ত থেকে ফোন করে অভিযোগ জানানো যাবে। প্রতিটি অভিযোগ সংশ্লিষ্ট জায়গায় পৌঁছবে। সেই মতো ব্যবস্থাও নেওয়া হবে বলে আশ্বাস দেন মুখ্যমন্ত্রী।
একই সঙ্গে এর অপব্যবহার রুখতেও সতর্ক করেন রাজ্যর প্রশাসনিক প্রধান। তাঁর কথায়, ব্যক্তিগত প্রতিহিংসার বশে কেউ অভিযোগ করবেন না। সঠিক অভিযোগে যেমন অভিযুক্তর বিরুদ্ধে ব্যবস্থা হবে, তেমনি ভুয়ো অভিযোগ জানালেও আইন মেনে পদক্ষেপ করবে সরকার।
টোল ফ্রি নম্বর চালুর পাশাপাশি রাজ্য পুলিশে নতুন করে এক লক্ষ নিয়োগের ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। জানান, যোগী রাজ্যের মডেলে পুলিশে নিয়োগ হবে। মহিলা পুলিশ কর্মীদের বাড়ির কাছেই পোস্টিং হবে বলেও আশ্বাস দেন মুখ্যমন্ত্রী।
















