কলকাতার মির্জা গালিব স্ট্রিটের (Mirza Ghalib Street) হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৯ জনের মৃত্যুর ঘটনায় শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Prime Minister Narendra Modi) ও মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Chief Minister Suvendu Adhikari)। মঙ্গলবার গভীর রাতে ওই হোটেলে আগুন লাগে। ঘটনায় আহত হয়েছেন আরও ছজন। শোকবার্তায় মোদি বলেন, “কলকাতায় অগ্নিকাণ্ডে প্রাণহানির খবর শুনে অত্যন্ত মর্মাহত। এই দুর্ঘটনায় যাঁরা তাঁদের প্রিয়জনকে হারিয়েছেন, তাঁদের প্রতি আমার সমবেদনা রইল। আহতরা যেন দ্রুত আরোগ্য লাভ করেন। স্থানীয় প্রশাসন দুর্গতদের সহায়তা করছে।”
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও এই ঘটনায় শোকপ্রকাশ করে বলেন, “মির্জা গালিব স্ট্রিটের হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় আমি অত্যন্ত মর্মাহত ও শোকাহত।” তিনি জানান, উদ্ধার ও ত্রাণকাজের পাশাপাশি কী ভাবে এই ঘটনা ঘটল, তা খতিয়ে দেখা হচ্ছে। মুখ্যমন্ত্রীর বক্তব্য, “এই ঘটনা আগের সরকারের রেখে যাওয়া অবহেলার এক ভয়াবহ স্মারক।” তাঁর অভিযোগ, দীর্ঘদিন ধরে শহর ও রাজ্যের পরিকাঠামো যথাযথ নজরদারি ছাড়াই বেড়ে উঠেছে এবং বাধ্যতামূলক অগ্নিনিরাপত্তা বিধি উপেক্ষা করে বিভিন্ন বাড়িতে হোটেল ও ব্যবসা চালানোর সুযোগ দেওয়া হয়েছে। আহতদের সর্বোত্তম চিকিৎসা ও প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করতে প্রশাসনকে নির্দেশ দেওয়ার কথাও জানান তিনি।
অগ্নিকাণ্ডের তদন্তে পাঁচ সদস্যের বিশেষ তদন্তকারী দল (SIT) গঠন করা হয়েছে। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, “আমরা সত্যিটা সামনে আনতে এবং ন্যায়বিচার নিশ্চিত করতে বদ্ধপরিকর।” ঘটনার সমস্ত দিক খতিয়ে দেখে দায় নির্ধারণের আশ্বাস দিয়েছেন তিনি। পাশাপাশি প্রাণ হারানোদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে তাঁদের জন্য প্রার্থনা করেছেন মুখ্যমন্ত্রী।
















