রাজ্যজুড়ে ‘তিরঙ্গা যাত্রা’, আর প্রদীপের তলায় অন্ধকার। ঘরের সামনে জাতীয় পতাকার অবমাননা দেখেও দেখছেন না বিজেপি নেত্রী! ঘটনা কলকাতার (Kolkata) ফুলবাগান এলাকার। সেখানে মোড়ের কাছে পাশাপাশি বড় দুটি মূর্তি সবার নজর কাড়ে। আর সেই দুই মূর্তির মধ্যেই অবহেলিত জাতীয় পতাকা (National Flag)। পাশেই থাকেন বিজেপি (BJP) নেত্রী ডাঃ অর্চনা মজুমদার (Archana Majumder)। কিন্তু অভিযোগ, তৃণমূল (TMC) জমানায় বসানো জাতীয় পতাকাকে সম্মান দিচ্ছেন না তিনিও।

ফুলবাগান মোড় থেকে বেলেঘাটার দিকে কয়েক পা এগোলেই পাশাপাশি মহাত্মা গান্ধী আর নেতাজি সুভাষ বসুর দুটি বিশাল মূর্তি পাশাপাশি দাঁড়িয়ে। তৃণমূল জমানাতেই জাতির জনক ও দেশনায়কের এই মূর্তি বসানো হয়। মাঝে বসানো হয় জাতীয় পতাকা। তৎকালীন তৃণমূল বিধায়ক পরেশ পালই এর উদ্যোক্তা।

রাজ্যে রাজনৈতিক পালাবদল হয়েছে। নতুন সরকার মোদি সরকারের ‘হর ঘর তিরঙ্গা’ কর্মসূচি পালনে তৎপর। কিন্তু প্রদীপের তলায় অন্ধকারের মতোই বিজেপি নেত্রী ডাঃ অর্চনা মজুমদারের বাড়ির সামনে অবহেলায় জাতীয় পতাকা। বর্তমান শাসকদলের পক্ষ থেকে সেটি তোলার কোনও উদ্যোগ নেওয়া হচ্ছে না। অভিযোগ, তৃণমূল আমলে বসানো বলেই এই উদাসীনতা। জাতীয় পতাকাকে সম্মান দিচ্ছেন না বিজেপি নেত্রীও। ঘটনায় বিস্মিত ও ক্ষুব্ধ স্থানীয়রা। স্বাধীনতা দিবসের আগে কোনও উদ্যোগ নেওয়া হয় কি না এখন সেটাই দেখার।