ধূপগুড়ি (Dhupguri) স্টেশনের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে উঠল বড়সড় প্রশ্ন। যাত্রী নিরাপত্তার জন্য বসানো ২৭টি সিসিটিভি ক্যামেরার অধিকাংশই গত ছ'মাসেরও বেশি সময় ধরে অকেজো। ফলে সংবেদনশীল এই স্টেশনে নজরদারি কার্যত ব্যাহত হচ্ছে বলেই অভিযোগ।

আরও পড়ুন: বীরত্বের স্বীকৃতিতে আজীবন বিনামূল্যে ট্রেনযাত্রা, কারা পাবেন সুবিধা

উত্তরবঙ্গের (North Bengal) অন্যতম ব্যস্ত এই স্টেশনকে ঘিরে চোরাচালানের অভিযোগ নতুন নয়। বিভিন্ন সময়ে পুলিশি অভিযানে ব্রাউন সুগার, নেপালি সুপারি, গাঁজা উদ্ধারের পাশাপাশি নারী পাচারের অভিযোগেও গ্রেফতার হয়েছে একাধিক অভিযুক্ত। এমন পরিস্থিতিতে স্টেশনের সিসিটিভি অচল থাকায় স্বাভাবিকভাবেই উদ্বেগ বাড়ছে।

সূত্রের খবর, ২০২৫ সালের ২৪ ডিসেম্বর ধূপগুড়ি স্টেশনে মোট ২৭টি ক্যামেরা বসানো হয়েছিল। ১ নম্বর প্ল্যাটফর্মে ৯টি, ২ নম্বর প্ল্যাটফর্মে ৪টি এবং স্টেশনের ভেতরের ফ্লাইওভারে ৫টি ক্যামেরা রয়েছে। কিন্তু কিছুদিন চলার পর থেকেই অধিকাংশ ক্যামেরা বিকল হয়ে যায় বলে অভিযোগ।

আরও পড়ুন: প্রশ্নের মুখে নামী মাল্টিপ্লেক্সে নারী নিরাপত্তা: কটূক্তির প্রতিবাদে দম্পতিকে মারধর! ধৃত ৬

সম্প্রতি একটি ঘটনার তদন্তে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করতে গিয়ে বিষয়টি নজরে আসে। স্টেশনে গিয়ে আধিকারিকরা জানতে পারেন, দীর্ঘদিন ধরেই অধিকাংশ ক্যামেরা কাজ করছে না। এত গুরুত্বপূর্ণ স্টেশনে কেন মাসের পর মাস ক্যামেরাগুলি মেরামত করা হয়নি, তা নিয়ে প্রশ্ন উঠছে। ধূপগুড়ির স্টেশন মাস্টার মনোজ কুমার সিং জানিয়েছেন, বিষয়টি রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা সংস্থাকে জানানো হয়েছে এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষকেও খবর দেওয়া হয়েছে।