উত্তর ২৪ পরগনার পানিহাটিতে ( Panihati) সিইএসসি ( CESC) ভবনে বিধ্বংসী অগ্নিকাণ্ড ( Fire) । রবিবার ( Sunday) দুপুরে পানিহাটিতে বিটি রোডের উপর সিইএসসির একটি বহুতল ভবনে ভয়াবহ আগুন লাগার ঘটনা ঘটে। ভবনটির নিচের তলায় আগুনের সূত্রপাত বলে প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে। মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ে ভবনের অন্য অংশেও। ঘন কালো ধোঁয়ায় ঢেকে যায় চারপাশ। খবর পেয়ে ঘটনাস্থলে কমপক্ষে পৌঁছয় দমকলের ১০টি ইঞ্জিন। আগুন নিয়ন্ত্রণে আনার জন্য জোরকদমে কাজ শুরু করেন দমকলকর্মীরা ( Fire Brigade)।
আরও পড়ুন: রাজ্যে দুই কেন্দ্রে উপনির্বাচনে লড়াই হবে জোড়াফুল প্রতীকেই, সাফ জানালেন কল্যাণ
স্থানীয় সূত্রে খবর, এদিন দুপুরে আচমকাই ওই ভবন থেকে ধোঁয়া বেরোতে দেখা যায়। কিছুক্ষণের মধ্যেই আগুনের তীব্রতা বাড়তে থাকে। কী ভাবে আগুন লাগল, তা এখনও স্পষ্ট নয়। তবে প্রাথমিক ভাবে বিদ্যুতের শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে বলে মনে করা হচ্ছে। আগুন নেভানোর পাশাপাশি দমকলকর্মীদের কাছে বড় চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে ভবনের পিছনে থাকা বসতি এলাকা। আগুন যাতে কোনও ভাবেই সেখানে ছড়িয়ে পড়তে না পারে, সে দিকে বিশেষ নজর রাখা হচ্ছে। স্থানীয় বাসিন্দাদেরও সতর্ক করা হয়েছে। আগুন নিয়ন্ত্রণে জল ব্যবহারের পাশাপাশি ফোম দিয়েও কাজ চালাচ্ছেন দমকলকর্মীরা। তবে এই অগ্নিকাণ্ডের ঘটনায় এখনও পর্যন্ত কেউ হতাহত হননি বলে খবর।
এদিকে বিটি রোডের ( BT Road) উপরই ওই ভবন হওয়ায় আগুনের জেরে ব্যাহত হয়েছে যান চলাচল। দুপুরের ব্যস্ত সময়ে রাস্তায় যানজট তৈরি হয়। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে থাকা পুলিশকর্মীরা ট্রাফিক নিয়ন্ত্রণে তৎপর হন। সাম্প্রতিক সময়ে কলকাতা ও শহরতলির বিভিন্ন বহুতল এবং বাণিজ্যিক ভবনে অগ্নিসুরক্ষা ব্যবস্থা খতিয়ে দেখছে প্রশাসন। সেই আবহে পানিহাটির এই ভবনে অগ্নিনিরাপত্তার নিয়ম যথাযথ ভাবে মানা হয়েছিল কি না, তা নিয়েও উঠছে প্রশ্ন ।
















