৮০তম স্বাধীনতা দিবসে বিকশিত ভারতের বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। লালকেল্লার পরে রেড রোডের স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) বার্তা দিলেন, "২০৪৭-এ বিকশিত ভারত তখনই হবে, যখন বিকশিত পশ্চিমবঙ্গ হবে।" লালকেল্লার পর রেড রোডেও এ দিন বাজে বন্দে মাতরম।

 নেতাজির মূর্তিতে মাল্যদানের পরে পতাকা উত্তোলন করেন মুখ্যমন্ত্রী। ছিলেন রাজ্যের মন্ত্রী, মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব-সহ উচ্চ পদস্থ সরকারি আধিকারিক, সাংসদ এবং বিদেশি অতিথিরা। কর্মক্ষেত্রে অসামান্য অবদানের জন্য ১৪ জন আইপিএসকে (IPS) ‘মুখ্যমন্ত্রীর পদক’ প্রদান করেন শুভেন্দু। রেড রোডে পুষ্পবৃষ্টি করা হয়। এরপরে কুচকাওয়াজ, পুলিশের বাইক বাহিনীর খসরত, বিভিন্ন ট্যাবলোর শোভাযাত্রার মাধ্যমে বর্ণাঢ্য অনুষ্ঠান হয় রেড রোডে।

প্রধানমন্ত্রীর বিকশিত ভারতের বার্তার রেশ ধরেই রেড রোডে (Red Road) মুখ্যমন্ত্রী বলেন, "২০৪৭ সালের বিকশিত ভারতের স্বপ্ন তখনই সম্ভব হবে, যখন বিকশিত পশ্চিমবঙ্গ সম্ভব হবে।" স্বাধীনতা দিবসে রাজ্যের মুখ্যমন্ত্রীর বার্তা, "সর্বত্র উন্নয়ন ছড়িয়ে দিতে চাই"। পশ্চিমবঙ্গকে তার আগের জায়গায় ফিরিয়ে নিয়ে যাওয়াই উদ্দেশ্য-স্পষ্ট করে দেন রাজ্যের প্রশাসনিক প্রধান। 

সবশেষে 'বন্দে মাতরম' এবং 'জন গণ মন' দিয়ে অনুষ্ঠান শেষ হয়। এরপরে উপস্থিত অতিথি, বিশেষ করে বিদেশি অভ্যাগতদের সঙ্গে সৌজন্য বিনিময় করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

এর আগে এদিন সকালে ৮০তম স্বাধীনতা দিবসে দেশবাসীকে শুভেচ্ছা জানান মুখ্যমন্ত্রী। নিজের এক্স হ্যান্ডলে তিনি লেখেন, "এই ঐতিহাসিক ও গৌরবময় দিনে বিশ্বের বিভিন্ন প্রান্তে বসবাসকারী সমস্ত ভারতীয়কে শুভেচ্ছা জানাই। যাঁদের সাহস ও আত্মত্যাগে আমরা স্বাধীনতা অর্জন করেছি, সেই বীর স্বাধীনতা সংগ্রামীদের শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি। তাঁদের আদর্শকে সামনে রেখে আত্মনির্ভর ও বিকশিত ভারত গড়ে তোলার সংকল্প করি।"