বাজার থেকে বেআইনিভাবে তোলা হয়েছে ১০০ কোটি টাকা! চিটফাট মামলায় রাজ্যের বিভিন্ন প্রান্তে অ্যাকশন মোডে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। বৃহস্পতিবার দুর্গাপুরের অন্ডালে ইসিএলের (ECL) অবসরপ্রাপ্ত খনি কর্মী দিলীপ মল্লিকের (Dilip Mondal) বাড়িতে হানা ইডি আধিকারিকদের।সূত্রের খবর, ক্রিপ্টোতে বিনিয়োগ করিয়ে কোটি কোটি টাকার জালিয়াতির অভিযোগ উঠেছে দিলীপ ও তাঁর পুত্র দিগন্ত মল্লিকের বিরুদ্ধে। অভিযুক্তদের বাড়ি ঘিরে রেখেছে কেন্দ্রীয় বাহিনী, ভোর থেকে চলছে তল্লাশি অভিযান। পাশাপাশি রানাঘাট উলুবেড়িয়া, হাওড়াসহ ১০ জায়গায় চলছে ED অভিযান।

ইডি সূত্রে জানা গিয়েছে, দিগন্ত (Diganta Mallik) সোশ্যাল মিডিয়ায় বিজ্ঞাপন দিয়ে কোটি কোটি টাকার জালিয়াতি করেছেন বলে অভিযোগ রয়েছে। সম্প্রতি তাঁর অ্যাকাউন্টে বড় অ্যামাউন্টের লেনদেনও হয়েছে। বাবা-ছেলে মিলে বিদেশে টাকা পাচার করেন বলেও খবর পেয়েছেন তদন্তকারীরা। সেইমতো চলছে তল্লাশি। পাশাপাশি এদিন সাতসকালে হাওড়ার ব্যাটরায় চিটফান্ড মামলায় সৌরভ চট্টোপাধ্যায়ের (Sourv Chatterjee) বাড়িতেও পৌঁছে যান কেন্দ্রীয় এজেন্সির গোয়েন্দারা। একাধিক চিটফান্ডে বিনিয়োগ থেকে তাঁর শেয়ার বাজার সংক্রান্ত যোগাযোগের নথিও খতিয়ে দেখা হচ্ছে।