আপনাকে নিরাপত্তা দেওয়ার দায়িত্ব বাংলার মুখ্যমন্ত্রী তথা পুলিশমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Suvendu Adhukari)। নির্বাসিত লেখিকা তসলিমা নাসরিনের (Taslima Nasrin) বহু প্রতীক্ষিত অনুষ্ঠানে দাঁড়িয়ে বার্তা দিলেন বাংলায় প্রশাসনিক প্রধান। শনিবার সন্ধে রবীন্দ্রসদনে তসলিমা কবিতাপাঠের অনুষ্ঠান। আর সেখানে উপস্থিত হয়ে মুখ্যমন্ত্রী তথা তথ্য সংস্কৃতি মন্ত্রী শুভেন্দু বলেন, বাংলায় ওই ধমক-চমকের সংস্কৃতি আর নেই। বাক স্বাধীনতার সুযোগ আছে। 

শুক্রবার, কলকাতায় এসেই মুখ্যমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তসলিমা। বলেন, "বর্তমান মুখ্যমন্ত্রীর কাছে আমি কৃতজ্ঞ। তিনি উদার বলে এবং বাক স্বাধীনতায় বিশ্বাস করেন বলেই আমার নিরাপত্তা ব্যবস্থা করেছেন।" 

এদিন রবীন্দ্র সদনের লেখিকার হাতে সাহিত্যসম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ছবি তুলে দেন মুখ্যমন্ত্রী। এর পরে লেখিকাকে শুভেন্দুর বার্তা, ”সুরক্ষিত পশ্চিমবঙ্গে আপনি যতবার ইচ্ছা, যখন ইচ্ছা আসবেন, কথা বলবেন। আপনাকে নিরাপত্তা দেওয়ার দায়িত্ব বাংলার মুখ্যমন্ত্রী তথা পুলিশমন্ত্রী শুভেন্দু অধিকারীর। শৃঙ্খলমুক্ত, বাঁধনমুক্ত পশ্চিমবঙ্গে সবার আসার, বাক স্বাধীনতার সুযোগ আছে। ধমক-চমক অতীত। আজ প্রমাণিত, নতুন সরকারের হাতে বাংলার গণতন্ত্র, সংবিধান, মৌলিক অধিকার, বাক স্বাধীনতা সুরক্ষিত।”

সেকুলার মিশনের উদ্যোগে তসলিমার কবিতাপাঠের অনুষ্ঠান ঘিরে বিপুল সাড়া। নজিরবিহীন নিরাপত্তায় মুড়ে দেওয়া হয়েছে চত্বর। মঞ্চে লেখিকাকে স্বাগত জানিয়ে দেওয়া হয় নাগরিক সংবর্ধনা। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ছবি ছাড়াও তসলিমার ছবি খোদাই করা একটি রুপোর মেডেলও নাগরিকদ সমাজের পক্ষ থেকে লেখিকাকে উপহার দেন মুখ্যমন্ত্রী।

রাজ্যের প্রশাসনিক প্রধান বলেন, “আপনি একজন প্রখ্যাত লেখিকা, অগুণতি মানুষ আপনার লেখা পড়েন, আপনার অনুরাগীর সংখ্যাও বিপুল। আপনি পশ্চিমবঙ্গে সানন্দে আপনার বক্তব্য রাখুন। এই নতুন বাংলা নিশ্চিতভাবেই আপনার পূর্ব অভিজ্ঞতার থেকে আলাদা।” সম্পূর্ণ দায়িত্বভার নিজের কাঁধে তুলে শুভেন্দু বলেন, “এই সুরক্ষিত পশ্চিমবঙ্গে আপনাকে যাবতীয় নিরাপত্তা দেওয়ার দায়িত্ব রাজ্যের মুখ্যমন্ত্রী তথা পুলিশমন্ত্রী শুভেন্দু অধিকারীর। শুধু সরকারের মুখের পরিবর্তন ঘটেনি, ব্যবস্থারও মূলগত পরিবর্তন হয়েছে।”