রোগীর নিরাপত্তা এবং চিকিৎসা পরিষেবার মান নিয়ে তদন্তে গুরুতর ত্রুটি ধরা পড়ায় পূর্ব বর্ধমানের নবাবহাটের ‘লাইফ কেয়ার’ নার্সিংহোমের ('Life Care' Nursing Home at Nababhat, East Bardhaman) বিরুদ্ধে বড় পদক্ষেপ নিল জেলা স্বাস্থ্য দফতর (District Health Department)। নার্সিংহোমটির কোনও বিভাগই আপাতত চালু রাখা যাবে না। মুখ্য স্বাস্থ্য আধিকারিক জয়রাম হেমব্রমের নির্দেশে পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত সমস্ত চিকিৎসা পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

স্বাস্থ্য দফতরের এই সিদ্ধান্তের ফলে ওপিডি বা বহির্বিভাগে রোগী দেখা থেকে শুরু করে ভর্তি পরিষেবা, অস্ত্রোপচার, প্রসব এবং জরুরি চিকিৎসা সবই বন্ধ থাকছে। অর্থাৎ, আইপিডি, ওটি, লেবার রুম এবং ইমার্জেন্সি পরিষেবাতেও আপাতত কোনও রোগীকে পরিষেবা দেওয়া যাবে না। নির্দেশিকা জারি করে সিদ্ধান্তটি অবিলম্বে কার্যকর করার কথা জানানো হয়েছে।

নার্সিংহোমের বিরুদ্ধে ওঠা অভিযোগ খতিয়ে দেখতে স্বাস্থ্য দফতরের তরফে যে তদন্ত কমিটি তৈরি করা হয়েছিল, তারা রিপোর্ট জমা দিয়েছে। সেই রিপোর্ট পর্যালোচনার পরই এই সিদ্ধান্ত নেওয়া হয়। দফতরের বক্তব্য, চিকিৎসা পরিষেবায় এমন কিছু গুরুতর ত্রুটি ধরা পড়েছে যা রোগীর নিরাপত্তার সঙ্গে সরাসরি যুক্ত। সেই কারণেই আগের নিষেধাজ্ঞার পরিধি বাড়িয়ে সম্পূর্ণ পরিষেবা বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে।

পুরো ঘটনার সূত্রপাত ২ সেপ্টেম্বর। ওই দিন নার্সিংহোমে চার বছরের একটি শিশুর মৃত্যু হয়। চিকিৎসা সংক্রান্ত অভিযোগ সামনে আসার পর নার্সিংহোম কর্তৃপক্ষের কাছ থেকে নথিপত্র ও প্রয়োজনীয় তথ্য চেয়ে পাঠায় স্বাস্থ্য দফতর। তদন্তের অগ্রগতির মধ্যে ৫ সেপ্টেম্বর নতুন রোগী ভর্তি বন্ধ করা হয়েছিল। সেই তদন্তের রিপোর্ট জমা পড়ার পর এবার নার্সিংহোমের বাকি পরিষেবাগুলিও বন্ধ করে দেওয়া হল।