রাজ্যে পুরভোট (Municipal Election) করাতে গেলে যত সংখ্যক ইভিএম (EVM) প্রয়োজন তা এই মুহূর্তে কমিশনের কাছে নেই। জেলায় জেলায় স্ট্রংরুমে যে মেশিনগুলি পড়ে রয়েছে তা অবিলম্বে কমিশনকে যাতে তুলে দেওয়া হয় সেই আবেদন করে দ্রুত শুনানির দাবিতে কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করল রাজ্য নির্বাচন কমিশন (State Election Commission)।

কমিশনের তরফ থেকে বলা হয়েছে, পুরসভা ভোটের জন্য ইভিএম ঘাটতি থাকায় সমস্যা বাড়ছে। ভোটের প্রস্তুতি এগিয়ে নিয়ে যেতে প্রয়োজনীয় যন্ত্রের যোগান নিশ্চিত করাই এখন সবথেকে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। অথচ বিভিন্ন জেলায় স্ট্রংরুমে ইভিএম মেশিন পড়ে রয়েছে। তাই জেলাশাসকরা যদি সেই মেশিনগুলোকে রাজ্য কমিশনের হাতে তুলে দেয়, তাহলে পুরসভা ভোট সংক্রান্ত কাজের গতি আনা যাবে সহজেই। এই মর্মেই আদালতে দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। আদালত যাতে জেলা প্রশাসনকে প্রয়োজনীয় নির্দেশ দেয় সেই কারণেই এই আবেদন। কমিশনের আইনজীবী সোনাল সিনহা (Sonal Sinha) জানান, জরুরি ভিত্তিতে শুনানির আবেদন জমা করা হয়েছে। চলতি সপ্তাহেই কোনও একটি দিন ধার্য হতে পারে বলে মনে করা হচ্ছে।