বাংলায় পালাবদলের চার মাস অতিক্রান্ত, নতুন সরকারের আমলে জায়গায় জায়গায় বিজেপি নেতা কর্মীদের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ। এবার নাম জড়ালো তারকেশ্বরের বিজেপি বিধায়ক সন্তু পানের। সুমন চানাচুর কোম্পানির মালিক বংশী দোলুইয়ের অভিযোগ ২০ লক্ষ টাকা না দেওয়ায় তাঁর কারখানা বন্ধ করিয়ে দিয়েছেন বিধায়ক!চাঞ্চল্য ছড়িয়েছে তারাপীঠে। 

বংশী বিজেপি নেতা তথা আরামবাগ সাংগঠনিক জেলা সহ-সভাপতি গণেশ চক্রবর্তীর কাছে তারকেশ্বরের বিধায়ক সন্তু এবং তাঁর আপ্ত সহায়ক সুশোভনকে নিয়ে একাধিক অভিযোগ করেছেন। চানাচুর কোম্পানির মালিক জানান, বিজেপি বিধায়কের তরফ থেকে তাঁর কাছ থেকে ২০ লক্ষ টাকা চাওয়া হয়েছিল। সেই টাকা না দেওয়ায় তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্র করা হয়েছে। ইতিমধ্যেই এই সংক্রান্ত একটি অডিও ভাইরাল হয়েছে (সত্যতা যাচাই করা হয়নি)। এই অভিযোগ প্রসঙ্গে বিজেপি নেতা গণেশ বলেন, তিনি বিষয়টি খোঁজ নিয়ে দেখবেন। অভিযোগের সত্যতা পাওয়া গেলে দলের নেতৃত্বকে বিষয়টি সম্পর্কে অবগত করা হবে। প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও আশ্বাস দিয়েছেন তিনি। বংশী জানিয়েছেন পুজোর মুখে কারখানা বন্ধ হওয়ায় সমস্যায় পড়েছেন তাঁর কর্মচারীরা। বিজেপি নেতা গণেশ জানান, প্রয়োজনে বিধায়কের অফিস ঘেরাও করা হবে। ভাইরাল কথোপকথনে বংশী বলেন, খাদ্য দফতরের অফিসাররা যখন অডিটে এসেছিলেন তখন তাঁদের কাজে বাধা দেওয়ার চেষ্টা হয়েছে বলে মিথ্যে অভিযোগ করা হয়েছে থানায়। ইচ্ছাকৃতভাবে বংশীকে ফাঁসানোর চেষ্টা করেছেন সন্তু। 

সুমন চানাচুরের মালিকের এই দাবি সম্পূর্ণ অস্বীকার করেছেন বিধায়ক সন্তু । তিনি বলেন, কারখানা বন্ধের বিষয়ে খাদ্য দফতরের পক্ষ থেকে সব বিষয় খতিয়ে দেখেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। টাকা চাওয়া নিয়ে তাঁর নামে মিথ্যা অভিযোগ রটানো হচ্ছে। অভিযোগ পাল্টা অভিযোগে সরগরম তারকেশ্বর।