স্বয়ং রাজ্যপাল এবং রাজভবনের শীর্ষ আধিকারিকদের পরিচয় ভাঁড়িয়ে ফোন করার চাঞ্চল্যকর অভিযোগ! বিভিন্ন বিশিষ্ট ব্যক্তি এবং প্রশাসনের শীর্ষ আধিকারিকদের ফোন করে বিভ্রান্ত করার এই ঘটনার প্রেক্ষিতে লালবাজারের সাইবার ক্রাইম সেলে অভিযোগ দায়ের করা হয়েছে রাজভবনের (লোক ভবন) তরফে। ইতিমধ্যেই এই ঘটনার প্রেক্ষিতে মামলা রুজু করে তদন্তে নেমেছে কলকাতা পুলিশ। রাজভবন থেকে জারি করা একটি প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

রাজভবন সূত্রে জানা গেছে, ৯৮৩৬৫৪০১৬৩ নম্বর বিশিষ্ট একটি মোবাইল ফোন থেকে এক অজ্ঞাতপরিচয় ব্যক্তি নিজেকে পশ্চিমবঙ্গের রাজ্যপাল এবং রাজভবনের উচ্চপদস্থ আধিকারিক বলে পরিচয় দিচ্ছেন। সেই ভুয়ো পরিচয় ব্যবহার করেই বিভিন্ন বিশিষ্ট ব্যক্তি এবং প্রশাসনের শীর্ষ স্তরের আধিকারিকদের ফোন করে রাজ্যপালের নাম দিয়ে নানা নির্দেশ ও বার্তা দেওয়া হচ্ছে বলে অভিযোগ।

বিষয়টির গুরুত্ব ও সংবেদনশীলতা বিচার করে দ্রুত আইনি পদক্ষেপের আর্জি জানিয়েছেন রাজ্যপালের সচিব ড. সৌমিত্র মোহন। তিনি কলকাতা পুলিশের সাইবার ক্রাইম সেলের উপ-পুলিশ কমিশনার প্রদীপ কুমার যাদবের কাছে এই বিষয়ে একটি লিখিত অভিযোগপত্র জমা দিয়েছেন। অভিযোগে বলা হয়েছে, সংশ্লিষ্ট মোবাইল নম্বরটির আসল ব্যবহারকারীকে অবিলম্বে চিহ্নিত করা হোক। পাশাপাশি এই অপরাধের সঙ্গে জড়িত সমস্ত ইলেকট্রনিক তথ্য ও প্রমাণ সংরক্ষণ করে ভারতীয় ন্যায় সংহিতা এবং তথ্যপ্রযুক্তি আইনের উপযুক্ত ধারা মেনে কঠোর ব্যবস্থা নেওয়া হোক।

এই ঘটনার পরই রাজভবনের তরফে সমস্ত সরকারি আধিকারিক এবং সাধারণ নাগরিকের উদ্দেশ্যে একটি সতর্কবার্তা জারি করা হয়েছে। সেখানে স্পষ্ট জানানো হয়েছে, রাজ্যপাল বা রাজভবনের কোনও আধিকারিকের পরিচয় দিয়ে ফোন বা বার্তা এলে, তার সত্যতা যাচাই না করে যেন কোনও পদক্ষেপ করা না হয়। এই ধরণের সন্দেহজনক ফোন বা বার্তা পেলে অবিলম্বে রাজভবনের সঙ্গে যোগাযোগ করার অনুরোধও জানানো হয়েছে। ভুয়ো পরিচয় দেওয়া ওই চক্রটির আসল উদ্দেশ্য কী, তা জানতে তদন্ত প্রক্রিয়া শুরু করেছে কলকাতা পুলিশের সাইবার ক্রাইম সেল।