সরকারি বাসের ধাক্কায় গুরুতর জখম হয়ে মৃত্যু হল হেমতাবাদ থানার পুলিশের অত্যন্ত প্রিয় ঘোড়ার শাবক ‘প্রিন্স’-এর। সোমবার রাতে ঘটা এই মর্মান্তিক দুর্ঘটনায় গভীর শোকের ছায়া নেমে এসেছে হেমতাবাদ থানা চত্বর ও স্থানীয় বাসিন্দাদের মহলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ২০২৪ সালের কালীপুজোর আগে হেমতাবাদ থানা চত্বরেই জন্ম হয়েছিল ওই ঘোড়ার শাবকটির। হেমতাবাদ থানার তৎকালীন আইসি সুজিত লামা শখ করে এর নাম রাখেন ‘প্রিন্স’ এবং সন্তান স্নেহের মতো তাকে লালন-পালন করতে শুরু করেন। পরবর্তীতে তাঁর অন্য থানায় বদলি হয়ে গেলেও প্রিন্স হেমতাবাদ থানাতেই বড় হতে থাকে। মাঝেমধ্যেই সে থানার আশপাশে এবং সদর এলাকায় ঘুরে বেড়াত।

সোমবার রাতেও যথারীতি ঘোরাঘুরি করার সময় হেমতাবাদ থানার ঠিক সামনে একটি দ্রুতগামী সরকারি বাস তাকে সজোরে ধাক্কা মারে। ঘটনাস্থলেই গুরুতর জখম হয়ে মৃত্যু হয় প্রিন্সের। থানার সকল কর্মী ও আধিকারিকদের চোখের মণি এই শাবকটির আকস্মিক মৃত্যুতে স্তম্ভিত ও শোকাচ্ছন্ন হয়ে পড়েন পুলিশকর্মীরা। পরে রাতেই সমস্ত নিয়ম মেনে থানা চত্বরেই সসম্মানে প্রিন্সের সমাধি দেওয়া হয়। এই আকস্মিক দুর্ঘটনায় গোটা থানা চত্বর সহ স্থানীয় এলাকায় শোকের আবহ তৈরি হয়েছে।