অধুনা NCPI নেত্রী কাকলির নালিশের সাড়া দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বেলেঘাটার তৃণমূল বিধায়ক কুণাল ঘোষের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছিলেন কাকলির ছেলে বৈদ্যনাথ ঘোষ দস্তিদার। কাকলি এবং পরিবারের সম্মানহানি করা হচ্ছে বলে অভিযোগ তুলেছিলেন। সেই অভিযোগের প্রেক্ষিতে এবার কুণালকে হাজিরার নোটিশ দিল পুলিশ। সাত দিনের মধ্যে হাজিরা দিতে বলা হয়েছে কুণালকে। তিনি বৃহস্পতিবার হাজিরা দিতে যাবেন। 

আরও পড়ুন: রায়গঞ্জ আদালত চত্বরে অভিযুক্তকে লক্ষ্য করে ডিম! নিরাপত্তার গাফিলতি নিয়ে ক্ষুব্ধ আইনজীবীরা

সম্প্রতি নবান্নে শুভেন্দু অধিকারীর কাছে কাকলি অভিযোগ করেছিলেন, সমাজমাধ্যমে তাঁকে অসম্মান করা হচ্ছে। তাঁর অভিযোগের নিশানায় ছিলেন কুণাল। বিষয়টি মুখ্যমন্ত্রীর নজরে আসার পর প্রশাসনিক স্তরে তৎপরতা শুরু হয়। এর পরেই কাকলির অভিযোগের ভিত্তিতে বারাসত থানায় কুণালের বিরুদ্ধে এফআইআর দায়ের হয়। 

আরও পড়ুন: অগ্নিনিরাপত্তার নামে প্রতিহিংসা, ক্যামাক স্ট্রিটের অফিস নিয়ে হাইকোর্টের রায়ের পর সরব কুণাল

এর আগে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধেও ক্ষোভ প্রকাশ করেছিলেন কাকলি। দুর্ব্যবহারের অভিযোগ তুলে লোকসভার স্পিকার ওম বিড়লার কাছে লিখিত চিঠি পাঠিয়েছিলেন তিনি, যার ভিত্তিতে বাদল অধিবেশন থেকে কল্যাণকে সাসপেন্ডও করা হয়েছিল। এবার কাকলির অভিযোগ কুণালের বিরুদ্ধে।