রাজ্যের সপ্তম বেতন কমিশনের প্রথম বৈঠক সোমবার নবান্নে অনুষ্ঠিত হল। বৈঠকে কমিশনের কার্যপরিধির আওতাভুক্ত বিভিন্ন সরকারি পরিষেবা, সংবিধিবদ্ধ সংস্থা, নিগম এবং সরকারি উদ্যোগের বর্তমান পরিস্থিতি পর্যালোচনা করা হয়। পাশাপাশি কমিশনের কাজ এগিয়ে নিয়ে যাওয়ার প্রাথমিক রূপরেখা নিয়েও আলোচনা হয়েছে।
বৈঠকের পর কমিশনের তরফে জানানো হয়েছে, খুব শীঘ্রই একটি পৃথক ওয়েবসাইট চালু করা হবে। ওই ওয়েবসাইটের মাধ্যমে কমিশনের কাজ সংক্রান্ত সমস্ত তথ্য, বিজ্ঞপ্তি, মতামত আহ্বান, তথ্য সংগ্রহ এবং বিভিন্ন স্মারকলিপি গ্রহণের ব্যবস্থা করা হবে। কমিশনের কার্যকলাপ সংক্রান্ত সমস্ত সরকারি তথ্য ওই ওয়েবসাইটেই প্রকাশ করা হবে।
একই সঙ্গে কমিশন স্পষ্ট জানিয়েছে, সম্প্রতি সামাজিক মাধ্যমে কমিশনের সুপারিশ সংক্রান্ত বিভিন্ন ভুয়ো, বিভ্রান্তিকর এবং ভিত্তিহীন নথি ছড়িয়ে পড়ছে, যা সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরি করছে। কমিশনের দাবি, তারা এখনও কাজ শুরু করেছে মাত্র এবং এখনও পর্যন্ত কোনও ধরনের সুপারিশ করেনি।
এই পরিস্থিতিতে কমিশনের পক্ষ থেকে সরকারি কর্মচারী-সহ সংশ্লিষ্ট সকলকে অননুমোদিত এবং তথ্যভিত্তিক নয় এমন কোনও নথি বা খবরের উপর ভরসা না করার আবেদন জানানো হয়েছে। কমিশন জানিয়েছে, কেবলমাত্র কমিশনের অনুমোদিত সরকারি সূত্র থেকেই তথ্য গ্রহণ করা উচিত।
উল্লেখ্য, সম্প্রতি রাজ্য সরকারি কর্মীদের বেতন ও ভাতা নিয়ে সামাজিক মাধ্যমে একাধিক সম্ভাব্য সুপারিশের তালিকা ঘুরে বেড়াচ্ছিল। সেই প্রেক্ষিতেই প্রথম বৈঠকের পর কমিশনের এই প্রেস বিজ্ঞপ্তিকে তাৎপর্যপূর্ণ বলে মনে করছে প্রশাসনিক মহল।
















