হতদরিদ্র পরিবারের ঠোঁটকাটা শিশুদের স্বাভাবিক ও সুস্থ জীবনে ফিরিয়ে দিতে অভিনব মানবসেবামূলক উদ্যোগ অব্যাহত রইল নদিয়ায়। কৃষ্ণনগরের একটি বেসরকারি হাসপাতালে প্রখ্যাত শল্যচিকিৎসক সুধাংশুশেখর জানা ও তাঁর চিকিৎসক দলের উদ্যোগে শুরু হল বিনামূল্যে অস্ত্রোপচার শিবির। শনিবার এই কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা করে প্রায় ৩০ জন ‘ক্লেফট লিপ’ বা গন্নাকাটা শিশুর সম্পূর্ণ বিনামূল্যে অস্ত্রোপচারের প্রক্রিয়া শুরু হয়েছে।
কৃষ্ণনগরের ওই বেসরকারি হাসপাতালের চারতলায় প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে শিবিরের উদ্বোধন করেন কৃষ্ণনগর উত্তর কেন্দ্রের বিধায়ক। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট প্লাস্টিক সার্জেন ডাঃ মণীশমুকুল ঘোষ সহ বিশিষ্ট জনেরা।
চিকিৎসা শিবির প্রসঙ্গে ডাঃ সুধাংশুশেখর জানা সাংবাদিকদের জানান, আর্থিক অনটনের কারণে বহু দরিদ্র পরিবার শিশুদের জন্মগত এই ত্রুটির চিকিৎসা করাতে পারে না। সেই কারণে গত প্রায় চার বছর ধরে তাঁরা নিরবচ্ছিন্ন ভাবে এই কর্মসূচি চালিয়ে যাচ্ছেন। এখনও পর্যন্ত অন্তত ১১০০ জন হতদরিদ্র পরিবারের গন্নাকাটা শিশুর সফল অস্ত্রোপচার সম্পন্ন করে তাদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে দেওয়া সম্ভব হয়েছে। শনিবার নতুন করে আরও ৩০ জন শিশুর নিখরচায় অস্ত্রোপচার শুরু হয়েছে। আগামী দিনেও দুঃস্থ পরিবারগুলির পাশে দাঁড়িয়ে এই সামাজিক ও মানবিক কর্মকাণ্ড জারি রাখা হবে বলে জানিয়েছেন উদ্যোক্তারা। চিকিৎসকদের এই উদ্যোগ এলাকায় ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।
















