রাজ্যের বাজেটে (State budget) ঘোষিত প্রতিশ্রুতি বাস্তবায়ন করে আশাকর্মী, অঙ্গনওয়াড়ি কর্মী (Anganwadi worker) এবং অঙ্গনওয়াড়ি সহায়িকাদের সাম্মানিক ৫ হাজার টাকা করে বাড়ানোর সিদ্ধান্ত কার্যকর করল রাজ্য সরকার। এ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করেছে নারী, শিশুবিকাশ ও সমাজকল্যাণ দফতর। আগামী ১ অগস্ট থেকে বর্ধিত সাম্মানিক কার্যকর হবে।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, অঙ্গনওয়াড়ি কর্মীদের ক্ষেত্রে রাজ্য সরকারের অতিরিক্ত সাম্মানিক ৪,৫০০ টাকা থেকে বেড়ে ৯,৫০০ টাকা হবে। কেন্দ্রীয় প্রকল্পের ৪,৫০০ টাকা যোগ করে তাঁদের মোট মাসিক সাম্মানিক দাঁড়াবে ১৪ হাজার টাকা। অঙ্গনওয়াড়ি সহায়িকাদের রাজ্য সরকারের অতিরিক্ত সাম্মানিক ৪,৫৫০ টাকা থেকে বেড়ে ৯,৫৫০ টাকা হচ্ছে। কেন্দ্রীয় অংশের ২,২৫০ টাকা মিলিয়ে তাঁদের মোট মাসিক সাম্মানিক হবে ১১ হাজার ৮০০ টাকা। সরকারি ও বেসরকারি—উভয় ধরনের আইসিডিএস প্রকল্পের অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকারা এই সুবিধার আওতায় আসবেন। অতিরিক্ত ব্যয়ের সম্পূর্ণ দায়ভার রাজ্য সরকার নিজস্ব তহবিল থেকে বহন করবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
একই সঙ্গে আশাকর্মীদের সাম্মানিকও ৫ হাজার টাকা বৃদ্ধি করা হয়েছে। এতদিন তাঁরা মাসিক ৬,২৫০ টাকা পেতেন। আগামী ১ অগস্ট থেকে তাঁদের মাসিক সাম্মানিক বেড়ে হবে ১১ হাজার ২৫০ টাকা।
















