মেয়ো রোডের (Mayo Road) নাম বদলে সর্দার বল্লভভাই প্যাটেলের (Sardar Vallabhbhai Patel) নামে করার ভাবনা থেকে লেনিন সরণি (Lenin Sarani), কার্ল মার্কস সরণি (Karl Marx Sarani) কলকাতার একাধিক পরিচিত রাস্তার নামই এবার বদলের আলোচনায়। হো-চি-মিন সরণির (Ho Chi Minh Sarani) নাম পরিবর্তনের সম্ভাবনাও রয়েছে। রাজ্যে পালাবদলের পর শহরের রাস্তার নাম নতুন করে পর্যালোচনার যে প্রক্রিয়া শুরু হয়েছে, তাতে এবার একাধিক গুরুত্বপূর্ণ রাস্তার নামের প্রস্তাব সামনে আসতে চলেছে। উপদেষ্টা কমিটির মাধ্যমে এই প্রস্তাবগুলি রাজ্য সরকারের কাছে পাঠানো হতে পারে।
সম্ভাব্য নামের তালিকাতেও রয়েছে একাধিক চমক। লেনিন সরণির পরিবর্তে দেবপ্রসাদ ঘোষের (Debaprasad Ghosh) নামে রাস্তার নাম রাখার কথা বিবেচনা করা হচ্ছে। কার্ল মার্কস সরণির ক্ষেত্রে রঙ্গলাল বন্দ্যোপাধ্যায় (Rangalal Bandyopadhyay) অথবা মাইকেল মধুসূদন দত্তের (Michael Madhusudan Dutta) নাম নিয়ে ভাবনাচিন্তা চলছে। আর হো-চি-মিন সরণির জায়গায় মার্টিন লুথার কিংয়ের নাম আনার প্রস্তাব উঠতে পারে। অন্যদিকে মেয়ো রোড বা স্ট্র্যান্ড রোডের নাম পরিবর্তন করে সর্দার বল্লভভাই প্যাটেলের নামে করা হবে। অর্থাৎ, শহরের বেশ কয়েকটি পরিচিত নামের জায়গায় নতুন নাম বসানোর পরিকল্পনা নিয়ে আলোচনা চলছে।
উপদেষ্টা কমিটির সদস্য তথা বিজেপি নেতা তথাগত রায় (BJP leader Tathagata Roy) জানিয়েছেন, রাস্তার নাম পরিবর্তনের বিষয়টি নিয়ে কার্তিক মহারাজের সঙ্গে প্রাথমিক আলোচনা হয়েছে। তাঁর দাবি, প্রস্তাবগুলি এবার কমিটির সামনে আনা হবে। সেখানে অনুমোদন পাওয়ার পরই রাজ্য সরকারের কাছে পাঠানোর প্রক্রিয়া শুরু হবে।
আরও পড়ুন: ১৩ বছরের পুরনো ধর্ষণ মামলা, গোয়ার আদালতে আত্মসমর্পণ তেজপালের
সুরাবর্দি অ্যাভিনিউয়ের নাম ইতিমধ্যেই বদলে গোপাল মুখার্জি (Gopal Mukherjee) রোড হয়েছে। সেই নামবদলকে ঘিরে বিতর্কের পর কলকাতার রাস্তার নামগুলি পর্যালোচনার জন্য কমিটি তৈরি করে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন, মুঘল, পাঠান বা অত্যাচারী ব্রিটিশদের নামে কলকাতায় রাস্তা রাখার প্রয়োজন নেই। ভগিনী নিবেদিতার নামকে ব্যতিক্রম হিসেবে উল্লেখ করে প্রকৃত দেশভক্তদের নাম প্রস্তাব করার কথাও বলেছিলেন তিনি। সেই প্রক্রিয়াতেই এবার আরও একাধিক রাস্তার নাম বদলের সম্ভাবনা তৈরি হয়েছে।
















