পশ্চিমবঙ্গ বিধানসভার বাজেট অধিবেশনের (budget session in West Bengal Assembly) দ্বিতীয় পর্বে বুধবার স্বরাষ্ট্র দফতরের বাজেট পেশ এবং সেই নিয়ে বিস্তারিত আলোচনার সম্ভাবনা। রাজ্যে ইতিমধ্যেই গুন্ডা দমন আইন চালু হয়েছে। আজ তিন ঘণ্টার আলোচনায় এই প্রসঙ্গে বিবৃতি দেবেন স্বয়ং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (CM Suvendu Adhikari)।
প্রায় ১৫ বছর পর রাজ্য বিধানসভায় স্বরাষ্ট্র দফতরের বাজেট নিয়ে বিতর্ক - আলোচনা হতে চলেছে। ২০১১ সালে নবনির্বাচিত তৃণমূল কংগ্রেস সরকার ক্ষমতায় আসার পর এই দফতর নিয়ে বাজেটে আলোচনার অনুমতি দেওয়া হয়েছিল। পরবর্তীকালে আর বিশেষ কোনও পদক্ষেপ করা হয়নি বলে অভিযোগ করেছিলেন তৎকালীন বিরোধীরা। পালাবদলের বাংলায় এখন বিজেপির সরকার। দেড় দশক ধরে চলে আসা নিয়মের উল্টো স্রোতে গিয়ে বিধানসভায় স্বরাষ্ট্র দফতরের আর্থিক প্রস্তাব নিয়ে আলোচনা এবং বিতর্ক নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। গুন্ডা দমন আইন নিয়ে প্রথম থেকেই সুর চুরিয়েছে রাজ্যের প্রধান বিরোধীদল তৃণমূল কংগ্রেস (TMC)। একই পথে হাঁটতে দেখা গেছে বামেদেরও। যেভাবে এই আইনের মাধ্যমে কাউকে অভিযুক্ত তকমা দিয়ে আদালতের হস্তক্ষেপ ছাড়া আটক করে রাখার মতো ক্ষমতা দেওয়া হয়েছে তাতে যে খুব স্বাভাবিকভাবেই বিজেপি বিরোধীদের টার্গেট করা সহজ হবে তা বলাই বাহুল্য। অর্থাৎ রাওলাট আইনের কায়দায় (তৃণমূল কংগ্রেস তরফে এমনটাই দাবি করা হচ্ছে) গণতন্ত্র বিরোধী এই গুন্ডা দমন আইন সংক্রান্ত পর্যালোচনায় আজ বিধানসভা উত্তাল হতে পারে বলে মনে করা হচ্ছে।
















