রাজ্য সরকারের যাবতীয় কেনাকাটা ও কাজের বরাত সংক্রান্ত প্রক্রিয়ায় আরও গতি ও স্বচ্ছতা আনতে তৎপর হল নবান্ন। রাজ্যের সমস্ত প্রশাসনিক দফতর ও তার অধীনস্থ সংস্থাগুলিতে অবিলম্বে ‘ডিপার্টমেন্টাল টেন্ডার কমিটি’ (ডিটিসি) গঠনের কড়া নির্দেশ জারি করল অর্থ দফতর। বৃহস্পতিবার অর্থ দফতরের পক্ষ থেকে একটি বিজ্ঞপ্তি জারি করে সাফ জানানো হয়েছে, যে সমস্ত দফতরে এখনও পর্যন্ত এই কমিটি তৈরি হয়নি, সেখানে আর দেরি না করে দ্রুত তা চালু করতে হবে।

অর্থ দফতর সূত্রে খবর, ২০১৮ সালের সরকারি নির্দেশিকাকে সামনে রেখেই এই পদক্ষেপ কার্যকর করতে বলা হয়েছে। নতুন বিজ্ঞপ্তিতে কমিটির কাঠামোও নির্দিষ্ট করে দেওয়া হয়েছে। নির্দেশিকা অনুযায়ী, প্রতিটি দফতরের এই টেন্ডার কমিটির মাথায় থাকবেন যুগ্মসচিব বা তার ঊর্ধ্বতন পদমর্যাদার কোনও শীর্ষ আধিকারিক। এ ছাড়াও কমিটিতে সংশ্লিষ্ট কাজের উপযুক্ত প্রযুক্তিগত দিক খতিয়ে দেখার জন্য এক জন ইঞ্জিনিয়ার বা বিশেষজ্ঞকে রাখতে হবে। আর্থিক দিক পর্যালোচনার দায়িত্বে থাকবেন দফতরের ফিনান্সিয়াল অ্যাডভাইজার। প্রয়োজনে দফতরের অতিরিক্ত মুখ্যসচিব, মুখ্যসচিব বা সচিবের মনোনীত কোনও বিশেষ আধিকারিককেও এই কমিটির সদস্য করা যেতে পারে।

সরকারি নির্দেশিকায় স্পষ্ট উল্লেখ করা হয়েছে, বিভিন্ন প্রকল্পের টেন্ডার মূল্যায়ন এবং চূড়ান্ত সুপারিশের সামগ্রিক দায়িত্ব বহন করবে এই কমিটি। প্রতিটি স্তরে নিয়ম মানা হচ্ছে কি না, তা খতিয়ে দেখেই সিদ্ধান্ত নিতে হবে। প্রশাসনের একাংশের মতে, বহু দফতরে নিজস্ব কমিটি না থাকায় কাজের প্রক্রিয়া থমকে থাকে অথবা সমন্বয়ের অভাব দেখা যায়। সেই পরিস্থিতি দূর করতেই এই পদক্ষেপ। অর্থ দফতরের এই কড়া নির্দেশিকার প্রতিলিপি ইতিমধ্যেই সমস্ত প্রশাসনিক দফতর, জেলাশাসক, পুলিশ কমিশনারেট, মহকুমাশাসক, বিডিও এবং ট্রেজারি অফিসার-সহ সংশ্লিষ্ট সব দফতরে পাঠিয়ে দ্রুত তা কার্যকর করতে বলা হয়েছে।