সামাজিক সুরক্ষায় বড় পদক্ষেপ করল রাজ্য সরকার। বাজেটের প্রতিশ্রুতি মেনে অবশেষে জারি হলো সরকারি বিজ্ঞপ্তি। বার্ধক্য ভাতা, বিধবা ভাতা এবং বিশেষ ভাবে সক্ষমদের জন্য পেনশন স্কিমের আর্থিক সাহায্য বৃদ্ধির কথা আনুষ্ঠানিকভাবে অগস্ট থেকেই মিলবে বাড়তি টাকা করল নবান্ন। সরকারের এই সিদ্ধান্তের ফলে রাজ্যের লক্ষ লক্ষ উপভোক্তা সরাসরি উপকৃত হবেন বলে প্রশাসনিক সূত্রে খবর। 

রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দফতর এই সংক্রান্ত একটি নির্দেশিকা প্রকাশ করেছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ইন্দিরা গান্ধী ন্যাশনাল ওল্ড এজ পেনশন স্কিমের অধীনে বার্ধক্য ভাতার পরিমাণ বর্তমানের ১০০০ টাকা থেকে বাড়িয়ে ১৫০০ টাকা করা হচ্ছে। একই ভাবে বাড়ছে ইন্দিরা গান্ধী ন্যাশনাল উইডো পেনশন স্কিমের অধীনে বিধবা ভাতাও। সেখানেও টাকার অঙ্ক ১০০০ থেকে বেড়ে ১৫০০ টাকা হচ্ছে। এ ছাড়া ইন্দিরা গান্ধী ন্যাশনাল ডিসঅ্যাবিলিটিস স্কিমের অধীনে বিশেষ ভাবে সক্ষমদের পেনশনও মাসিক ১০০০ টাকার পরিবর্তে ১৫০০ টাকা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দফতর জানিয়েছে, আগামী ১ অগস্ট থেকেই এই নতুন সংশোধিত আর্থিক সুবিধা কার্যকর হতে চলেছে। 

গত ২২ জুন বিধানসভায় বাজেট পেশের সময়েই নতুন সরকারের তরফে এই সামাজিক সুরক্ষার রূপরেখা দেওয়া হয়েছিল। সরকারের পক্ষ থেকে জানানো হয়েছিল, প্রবীণ নাগরিক, বিধবা এবং বিশেষ ভাবে সক্ষম মানুষরা সমাজের সবচেয়ে অসুরক্ষিত অংশ। তাঁদের সামাজিক ও অর্থনৈতিক নিরাপত্তা সুনিশ্চিত করতেই মাসিক ৫০০ টাকা করে ভাতা বৃদ্ধির এই সিদ্ধান্ত। এ বার সরকারি বিজ্ঞপ্তি জারির মাধ্যমে সেই ঘোষণায় সিলমোহর পড়ল।