এবার উচ্ছেদের খাঁড়া নামল সল্টলেকের সেক্টর ফাইভে। অফিস পাড়ার অস্থায়ী ঝুপড়ি দোকানগুলি সরাতে রবিবার সকাল থেকেই শুরু হয় জোরদার অভিযান। ইন্ডি স্মার্ট হোটেলের সামনের রাস্তায় দীর্ঘ ২০-২২ বছর ধরে চলা দোকানগুলিও এই উচ্ছেদ পর্ব থেকে রেহাই পায়নি। হঠাৎ করে রুটি-রুজি হারিয়ে এখন অথৈ জলে পড়েছেন বহু মানুষ, যাঁদের একমাত্র সম্বল ছিল এই দোকানগুলি। রবিবার সকালে যখন উচ্ছেদ অভিযান শুরু হয়, তখন চারিদিকে বাঁশ, ত্রিপল আর ভাঙা আসবাবপত্রের স্তূপ তৈরি হয়। বছরের পর বছর ধরে ব্যবসা করে আসা হকারদের চোখের সামনেই ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয় তাঁদের রোজগারের একমাত্র উৎস। অভিযানের জেরে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন ক্ষুদ্র ব্যবসায়ীদের পরিবারগুলি। 

প্রশাসনিক আধিকারিকরা অবশ্য এই পদক্ষেপের পিছনে নিরাপত্তার বিষয়টিকে গুরুত্ব দিচ্ছেন। প্লাস্টিক বা অস্থায়ী কাঠামোর দোকানে আগুন ব্যবহার করলে অগ্নিকাণ্ডের ঝুঁকি বাড়ে। ঘনবসতিপূর্ণ এলাকায় একটি দোকান থেকে আগুন ছড়িয়ে পড়লে বড় ধরনের বিপদের আশঙ্কা থাকে। সেক্টর ফাইভ রাজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ তথ্যপ্রযুক্তি ও বাণিজ্যিক এলাকা। দীর্ঘদিন ধরেই ফুটপাত দখল, অস্থায়ী দোকানের কাঠামো এবং রান্নার জন্য আগুন ব্যবহারের বিষয় নিয়ে প্রশ্ন উঠেছে। সেই পরিস্থিতিতেই নিয়ম আরও কঠোর করার উদ্যোগ নেওয়া হয়েছে বলে খবর। তবে বিকল্প কোনও ব্যবস্থা না করে হঠাৎ এই উচ্ছেদে ক্ষোভ উগরে দিয়েছেন স্থানীয় হকার সংগঠন ও ক্ষতিগ্রস্তরা। এখন সরকারি স্তরে তাঁদের পুনর্বাসনের কোনও উদ্যোগ নেওয়া হয় কি না, সেদিকেই তাকিয়ে রয়েছে কয়েকশো পরিবার।