আরও ৩টি মামলায় নতুন করে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (Abhishek Banerjee) অন্তর্বর্তী রক্ষাকবচ দিল কলকাতা হাই কোর্ট (Calcutta High Court)। শুক্রবার হাই কোর্টের বিচারপতি সৌগত ভট্টাচার্য (Sougata Bhattacharya) জানিয়েছেন, ১১ সেপ্টেম্বর পর্যন্ত অভিষেকের রক্ষাকবচ বহাল থাকবে। আদালত নির্দেশ দিয়েছে, অভিষেকের বিরুদ্ধে ডায়মন্ড হারবারের (Diamond Harbour) বিষ্ণুপুর ও রবীন্দ্রনগর থানায় যে মামলাগুলি ছিল, তার ভিত্তিতে তৃণমূল সাংসদের বিরুদ্ধে আপাতত কোনও কঠোর পদক্ষেপ করা যাবে না। এই নিয়ে মোট ৮টি মামলায় অন্তর্বর্তী রক্ষাকবচ পেলেন অভিষেক।  

বিধানসভা নির্বাচনে রাজ্যে পালাবদলের পরে তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদকের বিরুদ্ধে একের পর এক মামলা দায়ের হয়। তাঁর সংসদীয় সাধারণ মানুষের কাছে স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেওয়ার জন্য সেবাশ্রয় স্বাস্থ্য শিবির করেছিলেন এলাকা ডায়মন্ড হারবারে সাংসদ। তা নিয়ে একাধিক অভিযোগ তুলে জমি সংক্রান্ত অনিয়ম ও সেবাশ্রয়ের দুর্নীতি নিয়ে বিষ্ণুপুর থানায় দু’টি এবং রবীন্দ্রনগর থানায় মামলা দায়ের হয়। 

শুক্রবার সেই মামলায় অভিষেককে অন্তর্বর্তী রক্ষাকবচ দিলেন বিচারপতি ভট্টাচার্য। বর্তমানে অভিষেকের বিরুদ্ধে মোট ১৬টি এফআইআর আছে। এদিনের তিনটি মামলা-সহ মোট ৮টি মামলায় রক্ষাকবচ পেলেন অভিষেক। যে আটটি মামলায় এখনও তিনি রক্ষাকবচ পাননি, সেগুলির শুনানি আগামী ২৫ অগাস্ট। এদিন যে তিন মামলায় আদালত রক্ষাকবচ দিল, ৭ সেপ্টেম্বর তার পরবর্তী শুনানি রয়েছে।