অভিষেকপত্নী রুজিরা নারুলাকে নিয়ে মিডিয়া ট্রায়ালের ওপর অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়েছিল কলকাতা হাই কোর্ট। মঙ্গলবার সেই মেয়াদ আরও বাড়াল আদালত। বিচারপতি কৃষ্ণা রাওয়ের নির্দেশ, আগামী ২৫ নভেম্বর পর্যন্ত অথবা আদালতের পরবর্তী আদেশ না আসা পর্যন্ত আগের নির্দেশ বহাল থাকবে। আগামী ২৮ নভেম্বর মামলার পরবর্তী শুনানি।


স্বামী একজন প্রথম সারির রাজনৈতিক ব্যক্তিত্ব, শুধু এই পরিচিতির কারণে স্ত্রীকে অযথা তদন্ত ও বিতর্কে টেনে এনে অনবদ্য ‘মিডিয়া ট্রায়াল’ চালানোর বিরোধিতায় হাই কোর্টের দ্বারস্থ হয়েছিলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরা। তাঁর আবেদনের ভিত্তিতেই অন্তর্বর্তী স্থগিতাদেশের মেয়াদ দিয়েছিল আদালত।

এদিন বিচারপতি রাওয়ের এজলাসে রুজিরার আইনজীবী কিশোর দত্ত জানান, "রুজিরা বন্দ্যোপাধ্যায় নিজে কোনো রাজনৈতিক সত্তা নন। অথচ তাঁর স্বামী রাজনৈতিক ব্যক্তি হওয়ার সুবাদে বারবার বিভিন্ন ঘটনায় তাঁকে জড়িয়ে মিডিয়া ট্রায়াল চালানো হচ্ছে। আমাদের প্রাথমিক ও প্রধান দাবিই হল এই মিডিয়া ট্রায়াল অবিলম্বে বন্ধ করা।" তদন্তকারী ইডির আইনজীবী তাদের বক্তব্য জানানোর জন্য সময় চায়।