পুজোর আগেই রাজ্যের সিভিক ভলান্টিয়ারদের জন্য সুখবর শোনাল নবান্ন। এক ধাক্কায় তাঁদের মাসিক সাম্মানিক ২ হাজার টাকা বাড়ানোর সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। এর ফলে সিভিক ভলান্টিয়ারদের মাসিক ভাতা ১০ হাজার টাকা থেকে বেড়ে দাঁড়াল ১২ হাজার টাকায়। কলকাতা পুলিশ ও রাজ্য পুলিশের অধীনস্থ সমস্ত সিভিক ভলান্টিয়ারই এই বর্ধিত ভাতার সুবিধা পাবেন। 

বুধবার স্বরাষ্ট্র ও পার্বত্য বিষয়ক দফতরের পুলিশ এস্টাবলিশমেন্ট শাখা থেকে এই সংক্রান্ত সরকারি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সিভিক ভলান্টিয়ারদের সাম্মানিক বৃদ্ধির বিষয়টি দীর্ঘদিন ধরেই সরকারের বিবেচনাধীন ছিল। সমস্ত দিক খতিয়ে দেখার পর রাজ্যপাল এই ভাতা বৃদ্ধির প্রস্তাবে অনুমোদন দিয়েছেন।

সরকারি নির্দেশিকা অনুযায়ী, চাকরির অন্যান্য সমস্ত শর্ত অপরিবর্তিত রেখেই এই ভাতা বৃদ্ধি করা হয়েছে। বর্ধিত সাম্মানিক চলতি বছরের ১ অগস্ট থেকেই কার্যকর হচ্ছে। ফলে অগস্ট মাস থেকেই মাথাপিছু ১২ হাজার টাকা করে সাম্মানিক পাবেন সিভিক ভলান্টিয়াররা। উৎসবের মরশুম শুরুর আগে রাজ্য সরকারের এই পদক্ষেপে স্বাভাবিক ভাবেই স্বস্তির আবহ সংশ্লিষ্ট মহলে।