ভাদ্রের শুরু থেকেই ভ্যাপসা গরমের দাপট। তারই মধ্যে সপ্তাহের শুরুর দিনেই সকাল থেকেই বৃষ্টি। কলকাতা সহ বাংলায় কেমন থাকবে সোমবারের সারাদিনের আবহাওয়া(Weather)? তুলে ধরা হল এই প্রতিবেদনে।
সোমবার সকাল থেকেই কলকাতার আকাশ আংশিক মেঘলা। মাঝেমধ্যেই এক পশাল জোরে বৃষ্টি হচ্ছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস, আগামী ২৪ ঘণ্টায় কলকাতায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। শহরের কয়েকটি জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। তবে বৃষ্টির পূর্বাভাস থাকলেও গরম থেকে এখনই পুরোপুরি স্বস্তি মিলবে না। আকাশ মেঘলা থাকা বা বৃষ্টি হলেও বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় ভ্যাপসা গরম বজায় থাকবে।
নিম্নচাপের জেরে ঝড়বৃষ্টির পূর্বাভাস দক্ষিণের জেলাগুলিতে। বৃষ্টির বিশেষ সতর্কতা রয়েছে উপকূলের জেলাগুলিতে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, আগামী কয়েক দিন উত্তরের কিছু জেলাতেও ঝড়বৃষ্টি এবং বজ্রপাতের সম্ভাবনা রয়েছে।
আজ(সোমবার) কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৮ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে ১.৪ ডিগ্রি বেশি। রবিবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা হয়েছিল ৩৩.৪ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে ১.৪ ডিগ্রি বেশি।
সোমবার দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে কয়েকটি জেলায় ঝোড়ো হাওয়া এবং বজ্রপাতের আশঙ্কাও রয়েছে। পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনায় ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে।
আগামী ২ দিন কলকাতা, হাওড়া, হুগলিতে বিক্ষিপ্ত ভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পুরুলিয়ায় তা শনিবার থেকেই চলবে। বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনায় সোমবার থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
উত্তরবঙ্গে বৃষ্টিপাত চলবে। দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারের বেশ কিছু এলাকায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে বলে জানিয়েছে হাওয়া অফিস।আগামী বুধ ও বৃহস্পতিবার ভারী বৃষ্টি হবে।
















