দুর্গাপুরের চন্দ্রডাঙা এলাকায় এক পরিত্যক্ত ইটভাটার সামনে থেকে উদ্ধার হল বিপুল পরিমাণ নগদ টাকা। পুলিশ সূত্রে খবর, উদ্ধার হওয়া টাকার পরিমাণ প্রায় ৪৮ লক্ষ। এত বিপুল পরিমাণ টাকা হঠাৎ করে ওই পরিত্যক্ত এলাকায় এল কোথা থেকে এবং এর পেছনে কাদের হাত রয়েছে, তা নিয়ে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ। ঘটনার পর থেকেই পলাতক ওই ইটভাটার মালিক।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বুধবার ফরিদপুরের চন্দ্রডাঙা এলাকার ওই পরিত্যক্ত ইটভাটার সামনের রাস্তায় একটি সন্দেহজনক ব্যাগ পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা। ব্যাগের ভেতরে প্রচুর টাকার বান্ডিল দেখতে পেলে এলাকায় চাঞ্চল্য ছড়ায়। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় পুলিশে। পুলিশ এসে ব্যাগটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।

প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, টাকাগুলি কোনও অবৈধ লেনদেন, চোরাচালান বা অপরাধমূলক কাজের সঙ্গে যুক্ত হতে পারে। পুলিশের নজর এখন ওই ইটভাটার মালিকের দিকে। ঘটনার পরই ইটভাটার মালিক গা-ঢাকা দিয়েছেন বলে জানতে পেরেছে পুলিশ। তাঁর খোঁজে তল্লাশি শুরু হয়েছে। এলাকায় এত বিপুল পরিমাণ টাকা উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে সাধারণ মানুষের মধ্যে। এই টাকার উৎস কী এবং কার বা কাদের উদ্দেশ্যে এটি আনা হয়েছিল, তা জানতে এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে এবং স্থানীয় বাসিন্দাদের জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।