বাংলার নির্বাচনের ফলাফল ঘোষণার পর ১১৫ দিন পেরিয়ে গিয়েছে। বাংলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি ভেঙে পড়েছে। বিষ্ণুপুর ব্লকের তৃণমূল সভাপতি জ্ঞানানন্দ সামন্তর উপর বিজেপির হামলার আরও একবার তীব্র নিন্দা করলেন তৃণমূলের সর্বভারতীয় যুগ্ম সাধারণ সম্পাদক তথা রাজ্যসভার সাংসদ ডেরেক ও'ব্রায়েন।
আরও পড়ুন: নির্মাণকাজই দায়ী! হড়পা বান নিয়ে চিনের দিকে আঙুল নেপালের
ডেরেক বলেন,"বাংলার নির্বাচনের ফল প্রকাশের ১১৫ দিন হয়ে গিয়েছে। বলার মতো অনেক কিছুই রয়েছে। কিন্তু আজ, গতকাল আমরা যে ভয়াবহ ভিডিওটি দেখেছি, সেটিই প্রথমে বলতে চাই। আমার দলের সহকর্মী, ডায়মন্ড হারবারের বিষ্ণুপুর ব্লকের তৃণমূল কংগ্রেসের সভাপতি শান্তদার উপর যে ঘটনা ঘটেছে, তার ভিডিও ভয়াবহ। এই অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়টি আমাকে জাতীয় এবং আন্তর্জাতিক স্তরে তুলে ধরতে হয়েছে। বাংলা জুড়ে আমার সহকর্মীরা যে পরিস্থিতির মুখোমুখি হচ্ছেন, তাকে আমি পুলিশি অত্যাচার, রাজনৈতিক অত্যাচার এবং বিজেপির দুষ্কৃতীদের হিংসা বলেই বর্ণনা করব।"
আরও পড়ুন: নেপালের বিপর্যয়ে নিখোঁজ মুকুল-পুত্রবধূ! উদ্বিগ্ন শুভ্রাংশু
সাংসদ আরও জানান,"বাংলায় আইনশৃঙ্খলা পুরোপুরি ভেঙে পড়েছে। যদি এই পরিস্থিতি কোনও অবিজেপি শাসিত রাজ্যে হতো, তাহলে এতদিনে রাষ্ট্রপতি শাসন জারি হয়ে যেত।"
ডেরেক বলেন,"কেউ আমাকে জিজ্ঞাসা করছিলেন, আমি বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে এই বাইটটা কেন দিচ্ছি। আসলে আমাকে শুধু বৃষ্টির সঙ্গে লড়াই করে টিকে থাকতে হচ্ছে। কিন্তু বাংলাজুড়ে আমার সহকর্মীরা যে রাজনৈতিক এবং পুলিশি অত্যাচারের শিকার হচ্ছেন, তাঁদের পরিস্থিতি অনেক বেশি ভয়াবহ।"
















