"কেন বারবার আদালতের অনুমতি নেব? আমি এবার জেলাসফরে যাব"- শুভেন্দু অধিকারীর হুঁশিয়ারির পাল্টা চ্যালেঞ্জ ছুড়লেন তৃণমূল (TMC) সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। শুক্রবার, ক্যাথিড্রাল রোডে তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের মঞ্চ থেকে মমতা বলেন, আমাকে বলছে আমি যাতে বেরতে না পারি তার ব্যবস্থা করবে- কত বড় বুকের পাটা!
কিছুদিন আগেই নবান্ন থেকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) প্রাক্তন মুখ্যমন্ত্রীকে উদ্দেশ করে বলেন, “ফেসবুকেই আপনি থাকুন বিকেল বেলা। আপনাকে রাস্তায় বেরতে হবে না৷ আর রাস্তায় আপনি যাতে না বেরতে পারেন তার ব্যবস্থাও আমি করব“। এদিন সভামঞ্চ থেকে মমতা পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে মমতা বলেন, "আমাকে নাকি রাস্তায় বেরোতে দেওয়া হবে না বলা হয়েছিল! কত বড় বুকের পাটা! মনে রাখতে হবে, গায়ের জোরে সবকিছু চলে না। রাজ্যজুড়ে এখন বিজেপির ক্যাডারদের মাতামাতি চলছে, কিন্তু বাংলার সাধারণ মানুষ এসব অত্যাচার বেশি দিন সহ্য করবে না।"
জেলা সফর শুরু করবেন বলে জানিয়ে তৃণমূল সুপ্রিমো জানান, তাঁকে অনুমতি না দেওয়া হয় তাহলে রাস্তায় হাঁটবেন। হুঁশিয়ারি দিয়ে তৃণমূল সুপ্রিমো বলনে, “গণতান্ত্রিক আন্দোলন। কেন বারবার আদালতের অনুমতি নেব? আদালতে অনেক মামলা রয়েছে। আদালতের সময় নষ্ট কেন করছেন? এবার থেকে পুলিশ অনুমতি না দিলে জনগণের অনুমতি নেব।”
বিস্ফোরক অভিযোগ করে তৃণমূল সভানেত্রী বলেন, রোজ রাতে কালীঘাটে তাঁর বাসভবনের সামনে পরিকল্পিতভাবে পাগল-মদ্যপ ব্যক্তিদের পাঠিয়ে দেওয়া হচ্ছে, যারা চিৎকার-চেঁচামেচি করে বিশৃঙ্খলা সৃষ্টি করছে।
এদিনে অনুষ্ঠানের মঞ্চ থেকে ছাত্র সংগঠনের উদ্দেশ্যে দলনেত্রী বার্তা দেন, “ছাত্র-যৌবনকে রাস্তায় নেমে আন্দোলন করতে হবে। দরকার হলে জেলে যাবেন। এক মাস জেলের ভাত খাবেন। কিন্তু বিজেপির ভাত খাবেন না।”
পদ্মশিবিরকে কড়া হুঁশিয়ারি দিয়ে মমতা বলেন, “১৪ হাজার কেস দিয়েছেন তো? সুপ্রিম কোর্টে কল্যাণ লড়ছে, আমিও যাব। দরকার হলে ইন্টারন্যাশনাল কোর্টে যাব। মনে রাখবেন, সরকারও ফাঁসবে। যাঁরা গ্রেফতার করবেন তাঁরাও ফাঁসবেন। তখন আমি দেখব। যাঁরা অত্যাচার করছেন, তাঁরা কোথায় থাকবেন, এখন থেকে ঠিকানা ঠিক করে রাখুন।”
বিজেপিকে তীব্র কটাক্ষ করে মমতা বলেন, ”বিজেপির সংগঠন নেই, গোটা বাংলাজুড়ে পুলিশকে দিয়ে কাজ করাচ্ছে। এবার আমি পুলিশের বিরুদ্ধে কেস করব। রাখিবন্ধনের দিন প্রতিজ্ঞা করলাম। এরপর জেলা সফর শুরু করব। পারমিশন না দিলে রাস্তায় হাঁটব।”
















