রাজ্যের স্বাস্থ্য পরিষেবায় অভিযোগ নিষ্পত্তি এবং নজরদারি ব্যবস্থাকে আরও সক্রিয় করার লক্ষ্যে আগামী ১৬ সেপ্টেম্বর প্রথমবার ফুল বেঞ্চ বৈঠকে বসতে চলেছে নবগঠিত স্বাস্থ্য কমিশন (Newly formed Health Commission)। সরকার বদলের পর কলকাতা হাই কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি বিশ্বজিৎ বসুর (Retired Justice of the Calcutta High Court, Biswajit Basu) নেতৃত্বে নতুন করে কমিশন গঠন করা হয়েছে। সম্প্রতি স্বাস্থ্যভবনে কমিশনের সদস্যদের সঙ্গে সৌজন্য বৈঠক করেন স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায় (Health Minister Sharadwat Mukhopadhyay)। সেখানে কমিশনের ভবিষ্যৎ কর্মপদ্ধতি এবং স্বাস্থ্য পরিষেবার মানোন্নয়ন নিয়ে প্রাথমিক আলোচনা হয় বলে সূত্রের খবর।
কমিশন সূত্রে জানা গিয়েছে, নিয়মিত কাজ শুরুর জন্য বিবাদী বাগে পুরনো দফতরের সংস্কার ও পরিকাঠামো উন্নয়নের কাজ চলছে। কাজ শেষ হলেই সেখান থেকে কমিশনের পূর্ণাঙ্গ কার্যক্রম শুরু হবে। ১৬ সেপ্টেম্বরের বৈঠকে কমিশনের কাজের রূপরেখা, অভিযোগ গ্রহণ ও নিষ্পত্তির পদ্ধতি, শুনানির সময়সূচি-সহ একাধিক প্রশাসনিক বিষয় নিয়ে আলোচনা হতে পারে। একই সঙ্গে স্বাস্থ্য পরিষেবার মানোন্নয়নে কমিশনের ভূমিকা কীভাবে আরও কার্যকর করা যায়, তা নিয়েও সিদ্ধান্ত হতে পারে।
















