শুক্রের সকালে উত্তর দিনাজপুরের (North Dinajpur) ইটাহারের ১২ নং জাতীয় সড়কের বালিয়াপাড়ায় মর্মান্তিক দুর্ঘটনা। দুই লরির মুখোমুখি সংঘর্ষে মৃত ৩। জখম অন্তত ১২ জন শ্রমিক। কাজে যাওয়ার পথে দুর্ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। 

পুলিশ সূত্রে জানা গিয়েছে, অন্যান্য দিনের মতো আজও সাদাপুর, চান্দল-সহ পাঁচ গ্রামের অন্তত ৩০ শ্রমিক বালিয়াপাড়ায় কাজে যাচ্ছিলেন। লেবার বাজার এলাকার কাছে আচমকা উল্টো দিক থেকে আসা একটি ১০ চাকার লরির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় শ্রমিকদের গাড়ির। দুমড়ে-মুচড়ে যায় লরিটি। স্থানীয়রা দ্রুত উদ্ধার কাজে হাত লাগান। খবর পেয়ে ছুটে যায় পুলিশ। এখনও পর্যন্ত জানা গিয়েছে ছেপো বর্মন (৪৫), কলকা মার্ডি (৪২) এবং টেপো মার্ডি (৩৬) নামের তিন শ্রমিকের মৃত্যু হয়েছে। ইটাহার ব্লক হাসপাতালে বেশ কিছুজনের চিকিৎসা চলছে। গুরুতর কয়েকজনকে রায়গঞ্জ মেডিক্যাল কলেজের (Raiganj Medical College) রেফার করা হয়েছে। ঘাতক লরিটিকে আটক করেছে পুলিশ যদিও চালক পলাতক। মৃতদের পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা হচ্ছে। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে তদন্ত শুরু হয়েছে।