বিজেপি শাসিত বাংলায় এবার আয়ুষ্মান ভারতের মেগা কর্মসূচি। আগামী ১৬ ও ১৭ অগাস্ট কলকাতার নেতাজি ইনডোর স্টেডিয়ামে (NIS) আয়োজিত অনুষ্ঠানে অংশ নিতে রবিবার রাজ্যে আসছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জে পি নাড্ডা (JP Nadda)। স্বাধীনতা দিবসের ঠিক পরের দিন রাজ্যে আয়ুষ্মান দিবস পালিত হবে। সেদিনই এই প্রকল্পের উপভোক্তাদের পরিসেবা প্রদানের কাজ শুরু হবে বলে জানা গিয়েছে। সরকারের তরফে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত থাকবেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও (CM Suvendu Adhikari)।
পদ্মশাসিত পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসার পর থেকে একের পর এক প্রকল্পের বাস্তবায়ন করার কথা শোনা গেছে মুখ্যমন্ত্রীর মুখে। এবার আয়ুষ্মান ভারতের সূচনা হতে চলেছে বাংলায়। আগামী ২২ থেকে ৩০ আগস্ট জেলায় জেলায় এই সংক্রান্ত প্রশিক্ষণ শিবির করবে বিজেপি। বক্তাদের আবার প্রশিক্ষণ দেওয়া হবে আগামী ১৬ আগস্ট। উপস্থিত থাকবেন রাজ্য পর্যবেক্ষক সুনীল বনশল। জানা গিয়েছে আগামী ২০ অগাস্ট কলকাতায় আসবেন স্বরাষ্ট্রমন্ত্রী। বিজেপি নেতৃত্বাধীন সরকারের ১০০ দিন পূর্ণ হওয়ার কথা মাথায় রেখে অমিত শাহের এই সফর হতে চলেছে।
















