তৃণমূলের প্রতীক আর দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি নিয়ে জিতে পদ চলে যেতেই দল ছাড়েন বারাসতের সাংসদ কাকলি ঘোষ দস্তিদার (Kakoli Ghosh Dastider)। ক্ষমতা ধরে রাখতে এবং দল বিরোধী আইন থেকে বাঁচতে তৃণমূল (TMC) ভাঙিয়ে ২০ সাংসদ নিয়ে যোগ দেন অখ্যাত দল ন্যাশনালিস্ট সিটিজেন্স পার্টি অফ ইন্ডিয়া বা NCPI-এ। কিন্তু শনিবার আবার সেই দলের সঙ্গে 'বহুজন' জুড়ে 'বহুজন এনসিপিআই' বলে একটি দলের কথা জানান কাকলি-পুত্র বৈদ্যনাথ ঘোষ দস্তিদার (Boidyanath Ghosh Dastidar)। তাই নিয়ে প্রবল শোরগোল পড়ে যায় দলত্যাগীদের মধ্যেই। চাপে পড়ে সেই পোস্টার সরিয়ে নয়া পোস্টার স্যোশাল মিডিয়াতে দেন বৈদ্যনাথ। আর সেই নিয়েও বিতর্ক। সেখানে সব মনীষীদের মাথার উপরে বড় করে NCPI-র সাংসদ কাকলির ছবি। আর নীচে রবীন্দ্রনাথের সঙ্গে বাবা সাহেব আম্বেদকর, মৌলানা আজাদ, সাবিত্রীবাই ফুলে -সহ মনীষীদের ছোট ছবি। সেই পোস্টার ঘিরে নিন্দার ঝড়।
সম্প্রতি সমাজমাধ্যমে একটি পোস্ট করে বৈদ্যনাথ ঘোষ দস্তিদার দলটিকে ‘Bahujan Samaaj NCPI Movement Trust’ বলে উল্লেখ করেন। তাঁর দাবি ছিল, এই উদ্যোগ দলিত, আদিবাসী, অনগ্রসর শ্রেণি ও সংখ্যালঘুদের অধিকার ও ক্ষমতায়নের লক্ষ্যে গঠিত হয়েছে। কিন্তু সেই পোস্ট প্রকাশ্যে আসতেই ক্ষোভে ফেটে পড়েন তৃণমূলত্যাগী ২০ জন সাংসদ। পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে, জরুরি ভিত্তিতে ডাকা এক অনলাইন বৈঠকে কাকলিকে সরাসরি দলের বাকি সাংসদদের তোপের মুখে পড়তে হয়। তাঁরা কাকলিকে স্পষ্ট জানান, তৃণমূলের মতো শক্তিশালী দল ছেড়ে একটি পরিচয়হীন মঞ্চে এসে এমনিতেই তাঁদের রাজনৈতিক ভবিষ্যৎ ও সামাজিক সম্মান প্রশ্নের মুখে। সেখানে নতুন করে দলের আগে ‘বহুজন’ তকমা সেঁটে গোটা নেতৃত্বকে রাজনৈতিক মহলে হাস্যাস্পদ করে তোলা হচ্ছে। লোকসভায় এখনও স্পিকারের খাতায় এই নতুন দল কোনও আনুষ্ঠানিক স্বীকৃতি পায়নি, নথিতে তাঁরা প্রত্যেকেই এখনও তৃণমূলের সাংসদ। এই ধরনের মনগড়া বিবৃতি বন্ধ না হলে পরিস্থিতি আরও জটিল হবে বলে ক্ষুব্ধ সাংসদরা জানিয়ে দেন। ঘনিষ্ঠ মহলে অনেকেরই ক্ষোভ, ছেলের একের পর এক অপরিণত পদক্ষেপ কার্যত কাকলিকে আরও বেশি কোণঠাসা করে ফেলছে। রাজনৈতিক মহলের একাংশের মতে, পুত্রের এই ধরণের পদক্ষেপের নেপথ্যে কাকলির পরোক্ষ মদত ও সম্মতি রয়েছে।
চাপে পড়ে বৈদ্যনাথ ঘোষ দস্তিদার সেই পোস্ট বদলান। কিন্তু তার পরে যে পোস্ট করেন তাতেও সবার মাথার উপর কাকলি। আর নীচে প্রাতঃস্মরণীয় মনীষীরা। তা নিয়েও বিতর্ক দানা বেঁধেছে। নিন্দা সব মহলের।
















