কেওড়াতলা মহাশ্মশানে মহানায়ক উত্তমকুমারের বলে একটি মূর্তি বসানো হয়েছে। সম্প্রতি মুখ্যমন্ত্রী এই মূর্তিটির উদ্বোধনও করেছেন। সেই মূর্তি নিয়ে সোমবার কড়া সমালোচনা করেন বেলেঘাটার বিধায়ক কুণাল ঘোষ। এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে কুণাল বলেন, কোনওদিক থেকেই ওই মূর্তিটি মহানায়ক উত্তমকুমারের হতে পারে না। একশো নয়, এক হাজার শতাংশও মানুষ বলবেন ওটা উত্তমকুমারের মূর্তি নয়। খোদ মুখ্যমন্ত্রীর কাছে ওই মূর্তিটি বদলের দাবি জানান কুণাল। তিনি বলেন, আমি মুখ্যমন্ত্রীর কাছে অনুরোধ করব, আপনি বিষয়টি ইগোতে নেবেন না। ওই মূর্তিটি সরিয়ে একজন ভাল শিল্পীকে দিয়ে ঠিকঠাক একটি মূর্তি তৈরি করে তা ওই জায়গায় বসানো হোক।
মুখ্যমন্ত্রীকে উদ্দেশ্য করে কুণাল আরও বলেন, আপনারা ক্ষমতায় আসার পর অনেকের মূর্তি নিয়ে অনেক কথা, অনেক সমালোচনা হয়েছিল। মূর্তি নিয়ে অনেক বিতর্কও হয়েছিল। তাই মুখ্যমন্ত্রীর কাছে আমার অনুরোধ, আপনারা মহানায়ককে এভাবে অপমান করবেন না। মৃত্যুর ৪৬ বছর পরও বাংলা ও বাঙালিয়ানার অন্যতম আইকন হলেন উত্তমকুমার। তাঁকে আপনারা এভাবে অপমান করবেন না। যিনি বাংলার আবেগ, বাঙালির মহানায়ক, তাঁর মূর্তি বসানোর নামে এই পুতুল খেলা করবেন না বলেও অনুরোধ করেন কুণাল। তিনি বলেন, মানছি যদি কেউ তাড়াহুড়ো করে ওই মূর্তি বসিয়েও থাকে, মুখ্যমন্ত্রীকে অনুরোধ করব, গোটা বিশ্বে ছড়িয়ে থাকা লক্ষ লক্ষ, কোটি কোটি উত্তম-ভক্তদের কথা ভেবে কেওড়াতলা মহাশ্মশান থেকে ওই মূর্তিটি সরিয়ে একটি ঠিকঠাক উত্তমকুমারের মূর্তি বসানো হোক। এরপর বিজেপির টলিউডের প্রতিনিধিদের কটাক্ষ করে কুণাল বলেন, বিজেপিতে যারা ফিল্ম ইন্ডাস্ট্রির প্রতিনিধি সাংসদ, বিধায়করা রয়েছেন, তাঁরা এখন কিছু দেখতে পাচ্ছেন না? ওটা উত্তমকুমার? এখন চুপ কেন? আপনারা তো জিতে এসে টলিপাড়ায় সুস্থতা ফেরানোর চেষ্টা করছেন, তাঁরা এখন আর কিছু দেখতে পাচ্ছেন না! প্রশ্ন তোলেন কুণাল।
















